রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নির্বাচনে যাবে কিনা চিন্তা-ভাবনা করছে এনসিপি: আসিফ মাহমুদ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৯, ২০২৬, ১১:০৪ এএম

নির্বাচনে যাবে কিনা চিন্তা-ভাবনা করছে এনসিপি: আসিফ মাহমুদ

নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে সরাসরি পক্ষপাতের অভিযোগ এনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নতুন করে ভাবছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই হুঁশিয়ারি দেন। 

তিনি স্পষ্ট ভাষায় বলেন, এই নির্বাচন কমিশনের প্রতি আমরা বিশ্বাস রাখতে পারছি না। নির্বাচনে আমরা অংশ নেব কিনা, এখন সেটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার সময় এসেছে।

আসিফ মাহমুদ অভিযোগ করেন যে, দ্বৈত নাগরিকত্ব, ঋণখেলাপি কিংবা ঋণখেলাপির গ্যারান্টার হওয়ার মতো গুরুতর অযোগ্যতা থাকা সত্ত্বেও অনেক প্রার্থীকে কমিশন রহস্যজনকভাবে ছাড় দিয়েছে। তিনি বর্তমান পরিস্থিতির কড়া সমালোচনা করে বলেন, আপিল শুনানির শেষ দিনে নির্বাচন কমিশন ভবনের বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি ছিল মূলত একটি ‘পরিকল্পিত নাটক’। 

তার মতে, ২-৩ হাজার নেতাকর্মী নিয়ে মব সৃষ্টি করে কমিশনের ওপর বাইরের চাপ তৈরি করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, কমিশনাররা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করে আসার পর যে রায় দিয়েছেন, তা কোনোভাবেই নিরপেক্ষ হওয়ার সুযোগ নেই।সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র বলেন, "আমরা দেখলাম কমিশনার সদস্যরা ১৫ মিনিটের কথা বলে দেড় ঘণ্টা সময় বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। রায়ের ঠিক আগে এভাবে এক পক্ষের সঙ্গে বসে আলোচনা করা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি অশনি সংকেত।

আসিফ মাহমুদ মনে করেন, নির্বাচন কমিশনের এমন একপাক্ষিক আচরণ নির্বাচনি ময়দানে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছে। তিনি অভিযোগ করেন যে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকের প্রতিফলন ইসির পরবর্তী সিদ্ধান্তগুলোতে স্পষ্ট দেখা গেছে। এই পরিস্থিতিতে স্বচ্ছতা নিশ্চিত না হলে এনসিপি নির্বাচন বর্জনের মতো কঠোর সিদ্ধান্ত নিতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।