জানুয়ারি ২০, ২০২৬, ১১:২২ এএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী না দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে চরম ধোঁয়াশা ও উত্তেজনা তৈরি হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) রাতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল সদর আসনের প্রার্থী মুয়াযযম হোসাইন হেলালের একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত।
এর আগে ১৮ জানুয়ারি জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ঘোষণা করেছিলেন যে, তারা ইসলামী আন্দোলনের আমিরের আসনে কোনো প্রার্থী দেবেন না। কিন্তু মাঠপর্যায়ের চিত্র বলছে ভিন্ন কথা।
ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের অভিযোগ, জামায়াত মূলত আমিরের মূল আসন (বরিশাল-৫) না ছেড়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বরিশাল-৬ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহারের নাটক করছে।
মুয়াযযম হোসাইন হেলাল তার ফেসবুক পেজে স্পষ্ট করেছেন যে, জামায়াত কেবল বরিশাল-৬ আসনে মুফতি ফয়জুল করীমকে সমর্থন দেবে, কিন্তু সদর আসনে (বরিশাল-৫) তাদের প্রার্থী বহাল থাকছে। এই ঘটনাকে ‘রাজনৈতিক প্রতারণা’ হিসেবে অভিহিত করছেন ইসলামী আন্দোলনের কর্মীরা। তাদের দাবি, বরিশাল-৬ আসনেও জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী এখন পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করেননি।
সদর আসনের জামায়াত প্রার্থী মুয়াযযম হোসাইন হেলাল সাংবাদিকদের জানিয়েছেন, প্রার্থিতা প্রত্যাহারের কোনো সাংগঠনিক নির্দেশনা তিনি পাননি। আজ মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন হওয়ায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে—শেষ পর্যন্ত কি জামায়াত তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে নাকি দুই দলের এই শীতল যুদ্ধ ভোটের মাঠে বড় ব্যবধান তৈরি করবে?


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন