রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হাতপাখার প্রচার শুরু করলেন ফয়জুল করীম

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২২, ২০২৬, ০৪:১৯ পিএম

হাতপাখার প্রচার শুরু করলেন ফয়জুল করীম

বরিশাল সদর ও বাকেরগঞ্জ আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১২টায় নগরীর আগরপুর রোডে বরিশাল প্রেস ক্লাবের সামনে থেকে তিনি এই প্রচার কার্যক্রমের সূচনা করেন। প্রচার শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে সাধারণ মানুষকে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

নেতাকর্মীদের উদ্দেশ্যে উদ্দীপনামূলক বক্তব্যে মুফতি ফয়জুল করীম বলেন, “আগামী ১২ তারিখ হাতপাখার বিজয়ের পরেই আমরা বিশ্রামে যাবো, তার আগ পর্যন্ত মাঠ ছাড়া যাবে না।

 তিনি বলেন, ইসলামই প্রকৃত শান্তির পথ এবং কোরআন-সুন্নাহর আদর্শে দেশ পরিচালিত হলে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে। নির্বাচনি বৈতরণী পার হতে তিনি প্রতিটি ঘরে ঘরে হাতপাখার দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য কর্মীদের নির্দেশ দেন।

সংক্ষিপ্ত সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে লিফলেট বিতরণ শুরু হয়। মুফতি ফয়জুল করীম নগরীর সদর রোড এলাকায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দোকানে দোকানে গিয়ে ভোট প্রার্থনা করেন। এ সময় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী তার সাথে উপস্থিত ছিলেন। বরিশালের নির্বাচনি মাঠে হাতপাখার এই সরব উপস্থিতি সাধারণ ভোটারদের মধ্যে নতুন আলোচনার সৃষ্টি করেছে।