আবু সালেহ মো. রায়হান
জানুয়ারি ২৩, ২০২৬, ১১:১০ এএম
ছবি-দিনাজপুর টিভি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১০ দলীয় জোটের শীর্ষ নেতা ডা. শফিকুর রহমানের নির্বাচনী সফর শুরু হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় পঞ্চগড়ে বিশাল জনসভায় বক্তৃতার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই উত্তরাঞ্চলীয় নির্বাচনী প্রচারণার সূচনা করেন তিনি।
জনসভা উপলক্ষে শুক্রবার সকাল থেকেই পঞ্চগড় চিনিকল মাঠ জনসমুদ্রে পরিণত হতে শুরু করে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাস, ট্রাক, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে এবং পায়ে হেঁটে হাজার হাজার নেতাকর্মী সভাস্থলে সমবেত হন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
জনসভাকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মাঠজুড়ে স্লোগান আর করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।জনসভায় উপস্থিত একাধিক নেতাকর্মী জানান, তারা দীর্ঘ অপেক্ষার পর দলীয় প্রধানকে কাছে পেয়ে উচ্ছ্বসিত।
আমিরে জামায়াতের দিকনির্দেশনা মেনে আগামী দিনে একটি সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে তারা রাজপথে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এই জনসভার মধ্য দিয়ে পঞ্চগড়-১ আসনসহ পুরো উত্তরাঞ্চলে ধানের শীষ ও জোটের প্রার্থীদের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।