বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

পদত্যাগ করলেন এনসিপি নেতা পলাশ মাহমুদ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৭, ২০২৬, ০৫:৫৪ পিএম

পদত্যাগ করলেন এনসিপি নেতা পলাশ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হবিগঞ্জ জেলা কমিটির গুরুত্বপূর্ণ পদে বড় রদবদল ঘটেছে। দলের জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব পলাশ মাহমুদ মঙ্গলবার (২৭ জানুয়ারি) তার পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। তিনি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর লিখিতভাবে তার পদত্যাগপত্র জমা দেন। 

হুট করে এই নেতার পদত্যাগের সিদ্ধান্ত হবিগঞ্জের রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে নির্বাচনের এই ডামাডোলের সময়ে।পদত্যাগপত্রে পলাশ মাহমুদ তার সরে দাঁড়ানোর পেছনে ব্যক্তিগত ও রাজনৈতিক বাস্তবতাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। 

তিনি লিখেছেন, চলমান পরিস্থিতি গভীরভাবে বিবেচনা করে তিনি মনে করছেন যে বর্তমান কাঠামোর ভেতর থেকে দায়িত্ব পালন অব্যাহত রাখা এই মুহূর্তে তার জন্য সমীচীন নয়। 

কোনো প্রকার দ্বন্দ্ব বা বিভ্রান্তি সৃষ্টি না করে দলের বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিয়েই তিনি স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেন। তিনি আরও স্পষ্ট করেন যে, এই পদত্যাগ দল বা নেতৃত্বের প্রতি কোনো অনাস্থা বা অসম্মানের প্রতিফলন নয়, বরং রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখতেই তিনি সরে দাঁড়িয়েছেন।পলাশ মাহমুদ তার পদত্যাগপত্রের অনুলিপি জেলা আহ্বায়ক, জেলা সদস্যসচিব এবং সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদকসহ সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছে পাঠিয়েছেন। 

দলের দায়িত্ব থেকে অব্যাহতি পেলেও ভবিষ্যতে গণতন্ত্র, ন্যায় ও জনস্বার্থ সংশ্লিষ্ট যেকোনো ইতিবাচক উদ্যোগে ব্যক্তিগত অবস্থান থেকে ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। উল্লেখ্য যে, পলাশ মাহমুদ হবিগঞ্জ জেলা এনসিপিতে একজন সক্রিয় সংগঠক হিসেবে পরিচিত ছিলেন। তার এই প্রস্থান জেলা কমিটির সাংগঠনিক কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে কি না, তা নিয়ে দলের ভেতর ও বাইরে বিশ্লেষণ চলছে।