রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মোস্তাফিজকে খেলতে না দেওয়া চরম অপমান: জামায়াত আমির

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৭, ২০২৬, ০৬:৪২ পিএম

মোস্তাফিজকে খেলতে না দেওয়া চরম অপমান: জামায়াত আমির

সাতক্ষীরার কৃতি সন্তান ও বিশ্বখ্যাত পেসার মোস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেওয়ার ঘটনাকে দেশের জন্য ‘চরম অপমান’ হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। 

তিনি বলেন, মোস্তাফিজ শুধু সাতক্ষীরা নয়, পুরো বাংলাদেশকে বিশ্ব ক্রিকেটে আলোকিত করেছে। তাকে একটি ফ্রেন্ডলি ম্যাচে খেলতে না দেওয়া প্রতিবেশী দেশের পক্ষ থেকে চরম অসম্মানজনক আচরণ।

বিদেশের মাটিতে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নে আপসহীন থাকার ঘোষণা দিয়ে জামায়াত আমির বলেন, ভারতের উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখে মোস্তাফিজকে বাদ দেওয়ার পর বাংলাদেশ দল সেখানে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার যে সিদ্ধান্ত নিয়েছে, তা অত্যন্ত যৌক্তিক। 

তিনি আইসিসির কঠোর সমালোচনা করে বলেন, অনেক দেশই নিরাপত্তা শঙ্কায় ভেন্যু পরিবর্তনের দাবি জানায় এবং তা মানা হয়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কেন বৈষম্য করা হচ্ছে? শ্রীলঙ্কায় ভেন্যু সরিয়ে নেওয়ার দাবি না মেনে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। তিনি আইসিসিকে তাদের এই পক্ষপাতমূলক সিদ্ধান্ত রিভিউ করার অনুরোধ জানান।প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা প্রতিবেশীদের বন্ধু হিসেবে দেখতে চাই এবং তাদের সঙ্গে উত্তম আচরণ করতে চাই। 

কিন্তু বিনিময়ে আমরাও তাদের কাছ থেকে সম্মানজনক আচরণ প্রত্যাশা করি। আমাদের কথা পরিষ্কার—কাউকে প্রভু হিসেবে মাথা পেতে নেব না। আমাদের প্রভু কেবল একজন, তিনি আল্লাহ রাব্বুল আলামিন।’ উল্লেখ্য যে, গত ৩ জানুয়ারি ভারতের উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয় বিসিসিআই, যার প্রতিবাদে বিসিবি ও অন্তর্বর্তীকালীন সরকার ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় থাকে। ফলে আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে।