রবিউল এহ্সান রিপন
জানুয়ারি ২৮, ২০২৬, ০৮:০৩ পিএম
ছবি-দিনাজপুর টিভি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশনায়ক তারেক রহমানের প্রতি দেশের মানুষ নতুন করে আশার আলো দেখতে পাচ্ছে। তিনি যেখানেই যাচ্ছেন, সেখানেই লাখো মানুষের ঢল নামছে। জনগণ তার মধ্যে ভবিষ্যতের এমন এক নেতৃত্ব দেখছে, যিনি মানুষকে সুন্দর আগামীর স্বপ্ন দেখাচ্ছেন।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের দেহন ময়দান মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এবং তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মায়েদের জন্য `ফ্যামিলি কার্ড` ও কৃষকদের জন্য `কৃষি কার্ড` চালু করা হবে। এছাড়া যুব সমাজের কর্মসংস্থানের জন্য ব্যাপক সুযোগ সৃষ্টি করা হবে।
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, গত ১৫ বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। পুলিশ ও প্রশাসনের সহায়তায় আমাদের ভোট দিতে দেওয়া হয়নি। আমরা ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছি, মিথ্যা মামলায় হয়রানি হয়েছি। এমনকি প্রিজাইডিং অফিসার হত্যার মতো মিথ্যা মামলার ভোগান্তিও আমাদের সহ্য করতে হয়েছে।
সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, হিন্দু-মুসলিমসহ সব ধর্মের ভাই-বোনেরা এবার নির্ভয়ে ভোট দিতে চায়। আপনারা ভয় পাবেন না, নিশ্চিন্তে ভোটকেন্দ্রে যাবেন। এখন আমরা একটু শান্তিতে ঘুমাতে পারছি, ধানক্ষেতে রাত কাটাতে হচ্ছে না।বিএনপি মহাসচিব আরও বলেন, আমরা প্রতিশোধের রাজনীতি চাই না, প্রতিহিংসার পথেও হাঁটবো না। আমরা এই দেশে আবারও শান্তি ও সহাবস্থান প্রতিষ্ঠা করতে চাই। পরিশেষে তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।