রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জামায়াত আমীরের আগমন উপলক্ষে নোয়াখালীতে স্বাগত মিছিল

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৯, ২০২৬, ০৬:০০ পিএম

জামায়াত আমীরের আগমন উপলক্ষে নোয়াখালীতে স্বাগত মিছিল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নোয়াখালী আগমনকে কেন্দ্র করে জেলা শহরে বিশাল স্বাগত মিছিল করেছে জেলা জামায়াত। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে নোয়াখালী জেলা জামে মসজিদ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার। এতে জেলা সেক্রেটারি বোরহান উদ্দিনসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলে নেতাকর্মীরা জামায়াত আমিরের আগমন উপলক্ষে নানা ধরনের স্লোগান দেন এবং জনসভা সফল করার আহ্বান জানান।

দলীয় সূত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টা থেকে নোয়াখালী জিলা স্কুল মাঠে ১১ দলীয় জোট ও জামায়াতের পক্ষ থেকে এক বিশাল নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বেলা ১১টায় নোয়াখালীবাসীর উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন ডা. শফিকুর রহমান।

জনসভা সফল করতে ইতোমধ্যে জিলা স্কুল মাঠে মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে। জেলা জামায়াত নেতৃবৃন্দ জানিয়েছেন, এই জনসভাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে বিশেষ নজর রাখছে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবক টিম।