রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ইনসাফের প্রতীক হাতপাখা: চরমোনাই পীর

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৫:৪৭ পিএম

ইনসাফের প্রতীক হাতপাখা: চরমোনাই পীর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী খালেদ সাইফুল্লাহর সমর্থনে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম (চরমোনাই পীর)।

 রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত এই সভায় তিনি বলেন, “জামায়াত এদেশের মানুষকে ইনসাফ শেখায়, কিন্তু সেই ইনসাফ তারা গোপনে আমেরিকার সাথে বসে বাস্তবায়ন করবে। এদেশের মানুষ আমেরিকার খ্রিস্টানদের সাথে আঁতাত করা ইনসাফ দেখতে চায় না।”

চরমোনাই পীর আরও দাবি করেন, জামায়াত ইসলামের নাম নিলেও ক্ষমতায় গেলে শরিয়াহ আইন বাস্তবায়ন করবে না। তিনি বলেন, “বাংলাদেশে কেবল ইসলামী আন্দোলনই শরিয়াহ ও ইনসাফ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। সেই ইনসাফের প্রতীক হলো হাতপাখা।

শরিয়াহ শুনলে অনেকে ভয় পায়, কিন্তু ইসলাম মানেই শান্তি।” ভোটারদের সতর্ক করে তিনি বলেন, ইসলামী আন্দোলনকে ভোট না দিলে এই ভুলের মাশুল জাতি আজীবন দেবে। তিনি প্রতিশ্রুতি দেন যে, আল্লাহ সুযোগ দিলে ৫৪ বছরের জঞ্জাল ৫৪ দিনেই পরিবর্তন করা সম্ভব।প্রার্থী খালেদ সাইফুল্লাহর প্রশংসা করে তিনি বলেন, “খালেদ সাইফুল্লাহ একজন ন্যায়বান ব্যক্তিত্ব। তিনি দুইবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেও কোনো দুর্নীতির দাগ তার গায়ে লাগেনি। রামগতি-কমলনগরে ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে তার বিকল্প নেই। আমি তাকে আপনাদের হাতে আমানত হিসেবে তুলে দিলাম।

জনসভায় আরও বক্তব্য দেন বিশিষ্ট আলেম মুফতি রেজাউল করীম আবরার ও মুফতি হাবিবুর রহমান মিজবাহ্। লক্ষ্মীপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি ক্যাপ্টেন মোহাম্মদ ইব্রাহিম ও সেক্রেটারি মাওলানা জহির উদ্দিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা অভিযোগ করেন, অতীতে যারা ক্ষমতায় ছিল তারা জনগণের সেবক না হয়ে ‘হনুমান’ হয়ে গিয়েছিল। এবার হাতপাখাকে বিজয়ী করে সেই ধারা পরিবর্তনের আহ্বান জানান তারা।