বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

তারেক রহমানের নেতৃত্বে বিজয়ী জোটকে অভিনন্দন হেফাজতের

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১০:৪১ এএম

তারেক রহমানের নেতৃত্বে বিজয়ী জোটকে অভিনন্দন হেফাজতের

অভিনন্দন জানাল হেফাজত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তার নেতৃত্বাধীন জোটকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার ১৪ ফেব্রুয়ারি গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান এই শুভেচ্ছা জ্ঞাপন করেন। 

বিবৃতিতে হেফাজত নেতারা নবনির্বাচিত সকল সংসদ সদস্যসহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকেও সফল নির্বাচন আয়োজনের জন্য ধন্যবাদ জানান। তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। 

হেফাজত নেতৃবৃন্দ উল্লেখ করেন যে রাষ্ট্র ক্ষমতা মহান আল্লাহর পক্ষ থেকে এক বিশাল আমানত এবং এটি কেবল সম্মানের বিষয় নয় বরং জনগণের হক আদায়ের গুরুদায়িত্ব। তারা আশা প্রকাশ করেন যে তারেক রহমানের নেতৃত্বে গঠিতব্য নতুন সরকার সততা ও দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালনা করবে এবং দেশে ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে। 

বিবৃতিতে নতুন সরকারের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি ও প্রত্যাশা তুলে ধরা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মসজিদ-মাদ্রাসা ও আলেম ওলামাদের সুরক্ষা প্রদান এবং জনগণের ধর্মীয় ও মানবাধিকার নিশ্চিত করা। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং ইসলামি শিক্ষা ও তামাদ্দুন সংরক্ষণে দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। হেফাজত নেতারা ফ্যাসিবাদী ব্যবস্থার শিকড় উৎপাটন এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। 

দেশের বিভিন্ন স্থানে নির্বাচন পরবর্তী সহিংসতা ও নৈরাজ্যের খবরে উদ্বেগ প্রকাশ করে তারা সন্ত্রাস দমনে কঠোর ও ন্যায়ভিত্তিক পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একইসাথে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর ও মানবিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন তারা। তরুণ প্রজন্ম ও নাগরিক সমাজকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীল হওয়ার এবং উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন হেফাজত নেতৃবৃন্দ।