রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৭:০৫ পিএম

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

মাতৃভাষা দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

মহান ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার দুপুরে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানান জামায়াত আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। 

একই সঙ্গে দলটির সব স্তরের নেতাকর্মী ও শাখাকে আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজনের মাধ্যমে দিবসটি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।বিবৃতিতে ডা. শফিকুর রহমান ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে বলেন, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার দাবিতে ছাত্র-যুবসমাজের আন্দোলন দমনে তৎকালীন শাসকগোষ্ঠী বর্বরোচিত গুলি চালায়। 

এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অনেকে শাহাদাত বরণ করেন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় ভাষা শহীদদের এই অনন্য আত্মত্যাগ জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। 

তিনি শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং ভাষা শহীদদের প্রতি বৈশ্বিক সম্মানের প্রতীক হিসেবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব তুলে ধরেন।জামায়াত আমির রাষ্ট্রীয় ও সামাজিক জীবনের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দিয়ে বলেন, ভাষা ও সংস্কৃতির সংরক্ষণ ও বিকাশে সবাইকে সচেষ্ট হতে হবে। 

পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন, দেশবাসী এমন এক সময়ে ভাষা দিবস পালন করতে যাচ্ছে যখন তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন সরকার দায়িত্ব পালন করছে। সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে জনগণের জানমাল ও সম্মানের নিরাপত্তা নিশ্চিত করে দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।