রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার অনুষ্ঠিত

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৭, ২০২৬, ০৯:৩০ পিএম

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার অনুষ্ঠিত

জামায়াতের ইফতার মাহফিল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দেশি-বিদেশি কূটনীতিকদের সম্মানে এক বর্ণাঢ্য ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, যুক্তরাজ্য ও ভারতসহ বিশ্বের প্রভাবশালী দেশগুলোর রাষ্ট্রদূত এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। 

রাজনৈতিক বিশ্লেষকরা সংসদ ভবনে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানকে জামায়াতের আন্তর্জাতিক ও কূটনৈতিক সক্রিয়তার এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছেন।

ইফতার মাহফিলে কূটনীতিকদের একটি দীর্ঘ ও গুরুত্বপূর্ণ তালিকা লক্ষ্য করা গেছে। ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, তুরস্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি ও পাকিস্তানের মতো দেশের রাষ্ট্রদূতরা এতে উপস্থিত ছিলেন। এছাড়াও ফিলিস্তিন, ইরান, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরা ইফতারে অংশ নেন। 

আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে ইউএনডিপি, ইউনিসেফ, আইওএম এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতিনিধিরা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে জামায়াত নেতাদের সাথে কুশল বিনিময় করেন। দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ শীর্ষস্থানীয় নেতারা অতিথিদের স্বাগত জানান।সভাপতির বক্তব্যে ডা. শফিকুর রহমান উপস্থিত সকল অতিথি ও কূটনীতিকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

তিনি বলেন, বাংলাদেশ বিশ্বসম্প্রদায়ের সঙ্গে পারস্পরিক সম্মান, সহযোগিতা এবং গঠনমূলক সম্পর্কের ভিত্তিতে এক ইতিবাচক ও ভারসাম্যপূর্ণ বন্ধন গড়ে তুলতে চায়। তিনি আশা প্রকাশ করেন যে, ন্যায়ভিত্তিক অবস্থান এবং মানবিক মূল্যবোধের ভিত্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে বাংলাদেশের সম্পর্ক আগামী দিনে আরও সুদৃঢ় হবে। ডা. শফিকুর রহমান তার বক্তব্যে রমজানের শিক্ষাকে ব্যক্তিগত ও রাষ্ট্রীয় জীবনে ধারণ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি দেশ ও মুসলিম উম্মাহসহ সমগ্র বিশ্বমানবতার শান্তি ও সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।