এপ্রিল ৪, ২০২৬, ০৪:৩৭ পিএম
হবিগঞ্জের মাধবপুরে ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধের সূচনা ও পরিচালনা নিয়ে তাঁর দলের দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান পুনব্যক্ত করেছেন। শনিবার দুপুরে তেলিয়াপাড়া চা বাগানের বাংলো সংলগ্ন এলাকায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি দাবি করেন, শেখ মুজিবুর রহমানের নির্দেশে মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়নি।
তাঁর দাবি অনুযায়ী, তৎকালীন সময়ে শেখ মুজিবুর রহমান পাকিস্তানে বন্দি থাকায় যুদ্ধের সামগ্রিক পরিকল্পনা ও পরিচালনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তৎকালীন সর্বাধিনায়ক এম এ জি ওসমানী।
তেলিয়াপাড়া দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরতে গিয়ে মির্জা ফখরুল বলেন, এই স্থানটি থেকেই মূলত মহান স্বাধীনতা সংগ্রামের সামরিক ও রাজনৈতিক সংহতি শুরু হয়েছিল। এখান থেকেই দেশকে বিভিন্ন সেক্টরে ভাগ করে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
বক্তব্যের এক পর্যায়ে তিনি বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে অভিহিত করেন। তাঁর ভাষ্যমতে, সেই উত্তাল সময়ে বেগম খালেদা জিয়া বোরকা পরে তাঁর দুই শিশুসন্তানকে নিয়ে ঢাকায় অবস্থান করে অসামান্য সাহস প্রদর্শন করেছিলেন। মির্জা ফখরুল আরও অভিযোগ করেন যে, আওয়ামী লীগ ক্ষমতার দীর্ঘ সময়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে আড়ালে রেখে একটি বিকৃত ইতিহাস জাতির সামনে উপস্থাপন করেছে।
জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আয়োজনে অনুষ্ঠিত এই বিশেষ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক গোলাম মোস্তফা রফিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এবং প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জি কে গউছ, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস এম ফয়সল এবং হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হোসেন জীবন সভায় বক্তব্য রাখেন।
প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ ও পুলিশ সুপার তারেক মাহমুদসহ স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে অংশ নেন।উল্লেখ্য, ১৯৭১ সালের ৪ এপ্রিল তেলিয়াপাড়ার এই চা বাগানের বাংলোতেই মুক্তিপাগল মানুষের প্রথম উচ্চপর্যায়ের সামরিক ও রাজনৈতিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকে কর্ণেল এম এ জি ওসমানীসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা অংশ নিয়েছিলেন, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক।
প্রতি বছরের ন্যায় এবারও ৪ এপ্রিল নানা আনুষ্ঠানিকতায় দিবসটি পালিত হলো। অনুষ্ঠানের শুরুতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং পরে আলোচনা সভার মাধ্যমে ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি স্মরণ করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, মুক্তিযুদ্ধের চেতনাকে বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই ধরনের আয়োজনের গুরুত্ব অপরিসীম।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন