রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সংসদের অধিবেশন থেকে বিরোধীদলের ‘ওয়াকআউট’

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ৯, ২০২৬, ০৭:২৩ পিএম

সংসদের অধিবেশন থেকে বিরোধীদলের ‘ওয়াকআউট’

জাতীয় সংসদে ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ তুলে অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেছেন বিরোধীদলীয় সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে সংসদ অধিবেশন চলাকালে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান এই ওয়াকআউটের আনুষ্ঠানিক ঘোষণা দেন। তার এই আহ্বানে সাড়া দিয়ে জোটের অন্য সংসদ সদস্যরাও অধিবেশন কক্ষ থেকে একযোগে বের হয়ে যান। 

মূলত জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিল পাসের প্রক্রিয়ায় বিরোধী দলের আপত্তির প্রতিফলন না ঘটায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।সংসদে ফ্লোর নিয়ে ডা. শফিকুর রহমান তার বক্তব্যে বলেন যে, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে বিরোধীদলের পক্ষ থেকে বারবার যৌক্তিক বাধা দেওয়া সত্ত্বেও বেশ কয়েকটি গণবিরোধী বিল আজ পাস করা হয়েছে। 

তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, জনগণের স্বার্থ পরিপন্থী এসব বিলের কোনো দায়ভার বিরোধী দল নিতে চায় না। এই নৈতিক অবস্থান থেকেই তারা সংসদ থেকে ওয়াকআউট করার সিদ্ধান্ত নিয়েছেন। তার এই ঘোষণার পরপরই বিরোধী বেঞ্চের সদস্যরা নিজ নিজ আসন ত্যাগ করেন।

বিরোধী দলের সদস্যরা বেরিয়ে যাওয়ার পর ডেপুটি স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী তার সংক্ষিপ্ত বক্তব্যে বিল পাসের প্রক্রিয়ার বিভিন্ন ধাপে বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণের জন্য তাদের ধন্যবাদ জানান। 

তিনি বলেন যে, সংসদীয় গণতন্ত্রে দ্বিমত থাকা স্বাভাবিক, তবে তারা পুরো প্রক্রিয়ায় সাথে ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন যে, মাগরিবের নামাজের বিরতির পর বিরোধী দলের সদস্যরা আবারও অধিবেশনে ফিরে আসবেন এবং নিয়মিত সংসদীয় কার্যক্রমে অংশ নেবেন। এই ঘটনাকে কেন্দ্র করে সংসদ প্রাঙ্গণে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে।