রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিএনপি প্রমাণ করলো হাসিনা খারাপ কিন্তু হাসিনার নীতি ভালো

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ৯, ২০২৬, ০৯:৪৩ পিএম

বিএনপি প্রমাণ করলো হাসিনা খারাপ কিন্তু হাসিনার নীতি ভালো

শফিকুর রহমান

জাতীয় সংসদের অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করার পর জরুরি সংবাদ সম্মেলনে বিএনপিকে লক্ষ্য করে তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলের নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার রাতে সংসদ ভবনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি তাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করল যে শেখ হাসিনা ব্যক্তি হিসেবে খারাপ হলেও তার নীতিগুলো আদতে ভালো। 

মূলত সংসদে বিতর্কিত বিল পাসের সময় বিএনপির অবস্থানকে কেন্দ্র করেই তিনি এমন মন্তব্য করেন।এর আগে সন্ধ্যা ৬টার দিকে সংসদের চলতি অধিবেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের প্রতিবাদে বিরোধী দল একযোগে সংসদ কক্ষ থেকে বেরিয়ে যায়। 

ওয়াকআউটের ঠিক আগমুহূর্তে স্পিকারের অনুমতি নিয়ে ফ্লোর পান ডা. শফিকুর রহমান। সেখানে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, বিরোধী দলের পক্ষ থেকে জোরালো এবং যৌক্তিক বাধা থাকা সত্ত্বেও বেশ কয়েকটি গণবিরোধী বিল পাস করা হয়েছে। এই বিলগুলোর কোনো দায়ভার বিরোধী দল নিতে চায় না বলেই তারা একযোগে জাতীয় সংসদ থেকে বেরিয়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

সংবাদ সম্মেলনে শফিকুর রহমান আরও বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী দলের প্রধান লক্ষ্য ছিল জনগণের স্বার্থ রক্ষা করা। কিন্তু যেভাবে একের পর এক বিলগুলো পাস করা হয়েছে, তাতে এটি স্পষ্ট যে আগের স্বৈরাচারী ব্যবস্থার নীতিগুলোই এখন ভিন্ন মোড়কে ফিরিয়ে আনা হচ্ছে। বিএনপির রাজনৈতিক অবস্থানের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, তাদের রহস্যজনক নিরবতা বা পরোক্ষ ভূমিকা এটিই বুঝিয়ে দেয় যে তারা হাসিনার বিতর্কিত নীতিগুলোকেই আদর্শ হিসেবে মেনে নিচ্ছে।

সংসদ সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদের এই অধিবেশনটি ছিল অত্যন্ত নাটকীয় ও উত্তপ্ত। বিশেষ করে মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) সংক্রান্ত বিল পাসের সময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রবল আপত্তি তোলা হলেও শেষ পর্যন্ত তা কণ্ঠভোটে পাস করা হয়। ঠিক এর পরপরই ক্ষোভ প্রকাশ করে সংসদ থেকে বেরিয়ে যান বিরোধী দলীয় সংসদ সদস্যরা। 

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিরোধী দলের এই ওয়াকআউট এবং ডা. শফিকুর রহমানের এমন কঠোর পর্যবেক্ষণ দেশের বর্তমান রাজনীতির অভ্যন্তরীণ ফাটল ও নতুন মেরুকরণকে আরও স্পষ্ট করে তুলেছে। বিরোধী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো কর্মকাণ্ডের সাথে তারা ভবিষ্যতে কোনো ধরনের আপস করবে না। সংবাদ সম্মেলনে বিরোধী জোটের অন্যান্য শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।