এপ্রিল ১৩, ২০২৬, ১২:২২ এএম
গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি দলের অবস্থান এবং অনতিবিলম্বে সেই রায় বাস্তবায়নের দাবিতে উত্তাল হয়ে উঠেছে পঞ্চগড়। রোববার (১২ এপ্রিল) বিকেলে ১১ দলীয় ঐক্যের ব্যানারে জেলা শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মূলত বর্তমান সরকারের (বিএনপি) নীতি ও গণভোটের প্রতি অনীহার প্রতিবাদেই রাজপথে নেমেছে জোটের নেতা-কর্মীরা।
বিকেলে পঞ্চগড় জজ কোর্ট এলাকা থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিল। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ চৌরঙ্গী মোড় এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে জোটের শরিক দলগুলোর কয়েক হাজার নেতা-কর্মী অংশ নিয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন। তিনি তাঁর বক্তব্যে সরকারের সমালোচনা করে বলেন, "জনগণ গণভোটের মাধ্যমে তাদের আকাঙ্ক্ষা জানিয়ে দিয়েছে।
কিন্তু দুর্ভাগ্যজনক যে, ভোটের পর বিএনপি সেই রায়কে পুরোপুরি উপেক্ষা করছে। জনগণকে সঙ্গে নিয়ে এই রায় বাস্তবায়নের পথেই হাঁটবে বিরোধী দল।সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি দেলোয়ার হোসেন, জাগপা নেতা কামাল হোসেন পাটোয়ারী এবং এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক শিশির আসাদ সংহতি প্রকাশ করে বক্তব্য দেন। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি সভায় উপস্থিত থেকে সংহতি জানান।
বক্তারা সরকারের বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলে বলেন, "নিজেদের ভোটে নির্বাচিত হওয়া বৈধ হলে, জনগণের ভোটে সংস্কারের দাবি কেন অবৈধ হবে? এমন দ্বিচারিতা বাংলাদেশের মানুষ সহ্য করবে না। গণভোটকে অবজ্ঞা করার মাধ্যমে বিএনপি আসলে পুরো জাতিকে অপমান করেছে।" ১১ দলীয় ঐক্যের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি জনস্বার্থের বাইরে গিয়ে কাজ করে, তবে রাজপথ এবং সংসদ—উভয় জায়গাতেই তীব্র প্রতিরোধ গড়ে তোলা হবে। পঞ্চগড়ের এই প্রতিবাদী সমাবেশ থেকে গণভোটের রায় দ্রুত কার্যকর করার জন্য সরকারের প্রতি আলটিমেটাম দেওয়া হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন