বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

জুলাইয়ের বিপক্ষে গিয়ে সরকার পার পাবে না: শফিকুর রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ১৩, ২০২৬, ০৪:৪০ পিএম

জুলাইয়ের বিপক্ষে গিয়ে সরকার পার পাবে না: শফিকুর রহমান

ছবি-দিনাজপুর টিভি

জুলাই গণঅভ্যুত্থানের চেতনার বিপক্ষে অবস্থান নিয়ে বর্তমান সরকার কোনোভাবেই পার পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বর্তমান সংসদ ও সরকারকে তিনি ‘জুলাই প্রোডাক্ট’ বা জুলাইয়ের ফসল হিসেবে অভিহিত করেন। সোমবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত এক বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

১১ দলীয় ঐক্যের ব্যানারে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।ডা. শফিকুর রহমান তাঁর বক্তব্যে স্পষ্ট করে বলেন, জুলাই বিপ্লব না থাকলে বর্তমানে কোনো কিছুরই অস্তিত্ব থাকত না। 

তিনি সংসদেও একই কথা বলেছেন উল্লেখ করে জানান যে, জুলাই আছে বলেই আজকে সরকার, বিরোধী দল এবং সংসদ টিকে আছে। তাই জুলাইয়ের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে টিকে থাকার চেষ্টা করা হবে আত্মঘাতী। গণভোটের মাধ্যমে জনগণের যে রায় প্রতিফলিত হয়েছে, তা বাস্তবায়ন করতে প্রয়োজনে আবারও রাজপথে জীবন দিতে তিনি প্রস্তুত বলে ঘোষণা দেন। 

এই আন্দোলনকে সফলতার দিকে নিয়ে যেতে তিনি আগামীর যেকোনো লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন।সংসদে বিরোধীদলীয় নেতার ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, তারা সেখানে কোনো প্রকার ব্যক্তিগত সুবিধা বা পদের লোভে যাননি। জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে যতক্ষণ প্রয়োজন তারা সংসদে থাকবেন, এর বাইরে এক সেকেন্ডও থাকতে রাজি নন। দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার জন্য তিনি ‘অদৃশ্য শক্তির’ দড়ি টানাটানিকে দায়ী করেন। 

ডা. শফিকুর রহমান সরকারের সমালোচনা করে বলেন, সংসদের ভেতরে কার ইশারায় কার কণ্ঠ দমানোর চেষ্টা করা হয়, তা জনগণ ভালো করেই বোঝে। তারা কোনো অন্যায়ের কাছে মাথা নত না করে জনগণের পক্ষে কথা বলা চালিয়ে যাবেন বলে জানান।তিনি আরও বলেন, জুলাইয়ের এই আন্দোলন কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা কেবল শিক্ষিত সমাজের আন্দোলন ছিল না। এই বিপ্লবের শহীদদের মধ্যে ৬২ শতাংশই ছিলেন সাধারণ শ্রমিক। তাদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না। 

কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ফ্যাসিবাদের পতন পর্যন্ত এই দীর্ঘ লড়াই ছিল একটি পারিবারিক রাজতন্ত্র ও দুঃশাসনের বিরুদ্ধে। তাই জনগণের সত্তুর শতাংশ মানুষের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদদের ওয়াদা পূরণ করাই এখনকার প্রধান কাজ। তিনি দেশবাসীকে আহ্বান জানান যেন তারা সন্তানদের কারও গোলাম হিসেবে নয়, বরং একটি স্বাধীন ও মর্যাদাপূর্ণ দেশের নাগরিক হিসেবে গড়ে তুলতে পাশে থাকেন।

সেমিনারে জামায়াত আমির সরকারি দলের সদস্যদের আচরণ নিয়ে কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন যে, সংসদের ভেতরে সাবেক ফ্যাসিস্টদের মতো আচরণ করার চেষ্টা করছেন বর্তমান সরকারি দলের গ্যালারিতে বসা কয়েকজন সদস্য। তাদের জিহ্বা সংযত করার পরামর্শ দিয়ে তিনি বলেন, অতীতে যারা এমন উদ্ধত আচরণ করেছে তাদের পরিণতি সবার সামনেই আছে। জুলাই পরবর্তী নতুন প্রজন্ম কাউকে আর ভয় পায় না। অপকর্মের পুনরাবৃত্তি ঘটলে এর পরিণাম অতীতের চেয়েও ভয়াবহ হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও ব্যাংকিং খাতের অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের পর এখন দেশের অন্যতম বড় আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকে নতুন করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে। ইসলামী ব্যাংক একাই দেশের রেমিট্যান্সের বড় একটি অংশ সংগ্রহ করে। এই ব্যাংকটির অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। তিনি ব্যাংকগুলোকে দলীয়করণের হাত থেকে মুক্ত রাখার আহ্বান জানান এবং জনগণের প্রতি অনুরোধ করেন যেন তারা সজাগ থেকে এই ষড়যন্ত্র রুখে দেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সেমিনারে আরও বক্তব্য রাখেন বিরোধীদলীয় চিফ হুইপ ও নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। 

এ ছাড়াও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী ও মানারাত ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. আব্দুর রবসহ বিশিষ্ট নাগরিকরা সেমিনারে অংশ নেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাডভোকেট শিশির মনির। বক্তারা সবাই একমত পোষণ করেন যে, বর্তমান সংকট কাটাতে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো ছাড়া কোনো বিকল্প নেই।