এপ্রিল ১৬, ২০২৬, ০১:২৪ পিএম
নিজ সংসদীয় এলাকার একমাত্র সরকারি হাসপাতালের জরাজীর্ণ ও বেহাল দশার কথা বলতে গিয়ে সেটিকে সরাসরি ‘রোগীর’ সঙ্গে তুলনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশের তৃণমূল পর্যায়ের স্বাস্থ্য ব্যবস্থার চরম দুর্দশার চিত্র তুলে ধরতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৫তম দিনের আলোচনায় অংশ নিয়ে তিনি নিজ এলাকার মানুষের দুর্ভোগের কথা তুলে ধরেন।
রুমিন ফারহানা বলেন, আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ৯টি ইউনিয়নে প্রায় সাড়ে তিন লাখ মানুষের বসবাস। এত বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য মাত্র একটি সরকারি হাসপাতাল আছে যেটি মাত্র ৫০ শয্যা বিশিষ্ট।
কিন্তু দুঃখের বিষয় হলো, সেই হাসপাতালটি নিজেই এখন একটা মুমূর্ষু রোগীর মতো অবস্থায় দাঁড়িয়ে আছে। সেখানে মানুষ সেবা নিতে গিয়ে উল্টো ভোগান্তির শিকার হচ্ছে।হাসপাতালটির এমন অবস্থার কারণ ব্যাখ্যা করতে গিয়ে এই সংসদ সদস্য জানান, সেখানে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও কর্মচারীর অভাব যেমন রয়েছে, তেমনি চাহিদা মাফিক ওষুধ ও আধুনিক কোনো যন্ত্রপাতি নেই। অর্থাৎ একটি ন্যূনতম মানের হাসপাতাল পরিচালনার জন্য যে সব উপকরণ প্রয়োজন, তার সবকিছুরই তীব্র সংকট সেখানে বিদ্যমান।
রুমিন ফারহানা উল্লেখ করেন যে, হাসপাতালটির উন্নয়নের জন্য ১০ কোটি টাকা ব্যয়ে একটি নতুন আধুনিক ভবন নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল।তবে গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সংশ্লিষ্ট ঠিকাদার পালিয়ে যাওয়ায় সেই উন্নয়ন কাজ এখন পুরোপুরি বন্ধ হয়ে আছে। বর্তমানে জরাজীর্ণ একটি পুরাতন দোতলা ভবনে কোনো রকমে হাসপাতালের কার্যক্রম চালানো হচ্ছে।
ভবনটির ভগ্নদশা বর্ণনা করতে গিয়ে রুমিন ফারহানা বলেন, ভবনটি দেখলেই মনে হয় সেটি নিজেই রোগাক্রান্ত। বর্তমানে এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, কনসালটেন্ট ও নার্সসহ গুরুত্বপূর্ণ ৬৪টি পদ শূন্য রয়েছে। এর ফলে সাড়ে তিন লাখ মানুষ কার্যত উন্নত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। তিনি দ্রুত এই শূন্যপদ পূরণ এবং বন্ধ হয়ে থাকা নির্মাণকাজ পুনরায় শুরু করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন