এপ্রিল ১৭, ২০২৬, ০৮:৫৩ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় গণতান্ত্রিক পার্টি—জাগপার মুখপাত্র রাশেদ প্রধানকে তার নিজ জেলা পঞ্চগড়ে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এই ঘোষণা দেন সংগঠনগুলোর নেতাকর্মীরা।
ঘটনার শুরু হয় শুক্রবার বিকেলে একটি বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে। জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা এলাকায় পৌঁছায়।
সেই সময় মিছিলের একদল নেতাকর্মী জাগপার দলীয় কার্যালয়ের টিনের বেড়া এবং ভেতরে থাকা চেয়ার, ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। এরপর মিছিলটি আবারো শহরের চৌরঙ্গী মোড় এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যখন রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ঠিক তখনই জাগপা নেতা রাশেদ প্রধান তাকে নিয়ে শিষ্টাচারবহির্ভূত ও আপত্তিকর মন্তব্য করেছেন। এটি আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক যে তার বাড়ি এই পঞ্চগড় জেলায়। রাজনৈতিকভাবে যে কেউ ভিন্নমত পোষণ করতে পারেন, তবে তা হতে হবে রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে। কটূক্তি করে প্রধানমন্ত্রীর মানহানি করার প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সম্মিলিতভাবে রাশেদ প্রধানকে পঞ্চগড়ে অবাঞ্ছিত ঘোষণা করছে। তারা এই ঘটনার সুষ্ঠু বিচারও দাবি করেন।
এদিকে দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাগপা নেতাকর্মীরা। তারা এটিকে প্রতিহিংসার রাজনীতি বলে অভিহিত করেছেন। জাগপার জেলা সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী জানান, ২০২৪ সালেও আওয়ামী লীগ তাদের অফিসে একইভাবে হামলা চালিয়েছিল। তিনি প্রশ্ন তোলেন যে গণঅভ্যুত্থানের পরে বাকস্বাধীনতা ফিরে পাওয়ার আশা করলেও এখন নব্য স্বৈরাচারী কায়দায় তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। ভাঙচুরের ঘটনার বিচার দাবি করে তারা আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান।

জেলা জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব জানান, হামলাকারীরা কার্যালয়ের প্রাচীর এবং ভেতরের চেয়ার, টেবিল ও টিভিসহ সব আসবাবপত্র ক্ষতিগ্রস্ত করেছে। তবে কোনো নেতাকর্মীর ওপর শারীরিক হামলা চালানো হয়নি। হামলা হলে তারা তা প্রতিহত করতেন বলেও তিনি মন্তব্য করেন। বর্তমানে পরিস্থিতির বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। শহরে বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ সতর্ক অবস্থানে মোতায়েন রয়েছে এবং বর্তমানে জনজীবন স্বাভাবিক আছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন