রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২০, ২০২৬, ০২:১৮ পিএম

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি

মনোনয়ন পাননি ফারজানা সিঁথি

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তালিকা ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। 

তবে ৩৬ সদস্যের এই চূড়ান্ত তালিকায় জায়গা পাননি সাম্প্রতিক সময়ে দেশজুড়ে আলোচিত মডেল ও অ্যাক্টিভিস্ট ফারজানা সিঁথি। গত ১১ এপ্রিল নড়াইল-২ আসন থেকে নির্বাচনের লক্ষ্যে তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন এবং চূড়ান্ত মনোনয়নের ব্যাপারে বেশ আশাবাদী ছিলেন।

ফারজানা সিঁথি ফরম সংগ্রহের পর সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন যে তিনি চূড়ান্তভাবে মনোনীত হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। তবে সোমবার ঘোষিত তালিকায় তাঁর নাম না থাকায় আপাতত তাঁর সংসদ সদস্য হওয়ার স্বপ্ন থমকে গেল। 

ফারজানা সিঁথি মূলত ২০২৪ সালের মাঝামাঝি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর পরিচিতি পান। ওই বছরের ১৬ আগস্ট শাহবাগ এলাকায় সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের একটি ভিডিও ছড়িয়ে পড়লে তিনি ব্যাপকভাবে আলোচনায় আসেন। পরবর্তীতে তিনি জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের ‘ইচ্ছেরা’ শিরোনামের একটি মিউজিক ভিডিওর মডেল হিসেবে কাজ করে বিনোদন জগতেও নিজের অবস্থান তৈরি করেন।

ঘোষিত চূড়ান্ত তালিকায় মনোনয়নপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান এবং নিলুফার চৌধুরী মনি। এছাড়াও নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি ও সুলতানা আহমেদের মতো পরিচিত মুখগুলো জায়গা পেয়েছেন। 

তালিকার অন্যান্যরা হলেন— ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।যশোরের মেয়ে ফারজানা সিঁথি শিক্ষা জীবনে গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থী ছিলেন। এছাড়াও তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ’-এর বরগুনা সদরের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

বর্তমানে সামাজিক কর্মকাণ্ড ও মডেলিংয়ের কারণে তাকে অ্যাক্টিভিস্ট হিসেবেও অনেকে চিনে থাকেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি সংরক্ষিত নারী আসনে প্রবীণ ও রাজপথের পরীক্ষিত নেত্রীদের অগ্রাধিকার দেওয়ায় সিঁথির মতো নতুন মুখগুলো এবার তালিকায় স্থান পায়নি। মনোনয়ন না পেলেও দলটির জন্য তাঁর আগামীর সক্রিয়তা বজায় থাকবে কি না, তা নিয়ে এখন কৌতূহল তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, খুব শীঘ্রই এই মনোনীত প্রার্থীদের তালিকা নির্বাচন কমিশনে জমা দেবে দলটি। এর মাধ্যমে আসন্ন সংসদে বিএনপির নারী প্রতিনিধিত্ব নিশ্চিত হতে যাচ্ছে।