মে ১, ২০২৬, ০৪:৪৬ পিএম
ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বে থাকা অবস্থায় অন্য কোনো রাজনৈতিক দল থেকে প্রার্থী হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে সংগঠনটি। শুক্রবার (১ মে) বিভিন্ন গণমাধ্যমে ডাকসুর ভিপি সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণার খবর প্রকাশের প্রেক্ষিতে এক ‘জরুরি ঘোষণায়’ এ কথা জানিয়েছে শিবির।
সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফরহাদ স্বাক্ষরিত ওই ঘোষণায় বলা হয়েছে, ছাত্রশিবিরের কেন্দ্রীয় একজন দায়িত্বশীলকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণার সংবাদ কিছু অনলাইন পোর্টালে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইসলামী ছাত্রশিবিরের যেকোনো পর্যায়ে দায়িত্বে থাকা অবস্থায় অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ বা প্রার্থী হওয়ার সুযোগ নেই।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এমনকি কোনো রাজনৈতিক দল থেকেও তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার সুযোগ নেই। ছাত্রশিবিরের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, ইসলামী ছাত্রশিবির থেকে দায়িত্ব শেষ করে বিদায় নেওয়ার পর কেউ কোনো রাজনৈতিক দলে যুক্ত হলে কিংবা নির্বাচনে প্রার্থী হলে সেটি সংশ্লিষ্ট ব্যক্তির ব্যক্তিগত সিদ্ধান্ত। সেখানে সংগঠনের কোনো প্রাতিষ্ঠানিক সংশ্লিষ্টতা থাকে না।সাদিক কায়েম বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।
তাকে নিয়ে ছড়ানো খবরের বিষয়ে ছাত্রশিবির জানিয়েছে, বর্তমান সেশনের কোনো দায়িত্বশীলকে নিয়ে এ ধরনের সংবাদে কেউ যেন বিভ্রান্ত না হন।এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর একটি সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সাদিক কায়েমকে মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করার খবর রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। শিবিরের এই বিবৃতির মাধ্যমে সেই খবরের একটি প্রাতিষ্ঠানিক ব্যাখ্যা প্রদান করা হলো।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন