মে ২, ২০২৬, ০৫:০২ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, দেশজুড়ে জ্বালানি তেলের জন্য যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেলেও তেলের দাম বাড়ানোর পর সেই লাইন উধাও হয়ে যাওয়া স্বাভাবিক নয়। এটি জনমনে বড় ধরনের প্রশ্ন তৈরি করেছে বলে তিনি মন্তব্য করেন। শনিবার (২ মে) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট শীর্ষক জাতীয় কনভেনশন’ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে আখতার হোসেন বলেন, তেলের দাম বাড়ার আগে পর্যন্ত সবখানে হাহাকার ও দীর্ঘ সারি দেখা যাচ্ছিল। কিন্তু দাম কার্যকর হওয়ার সাথে সাথেই সেই দৃশ্য বদলে গেল কীভাবে, তা খতিয়ে দেখা দরকার।
সংবাদ সম্মেলনে সংবিধান সংস্কার ও গণভোট প্রসঙ্গে আখতার হোসেন বলেন, গণভোটে জনগণের স্পষ্ট মতামত থাকা সত্ত্বেও সরকার সেই রায়কে অস্বীকার করেছে। দশম জাতীয় সংসদ নির্বাচনের পর প্রায় ৭০ শতাংশ জনগণ একপক্ষে মত দিলেও সরকার সেই রায় বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে।
তিনি অভিযোগ করেন, সরকার গঠন করার পর এখন সেই রায়কে কখনো ‘প্রতারণার দলিল’ আবার কখনো ‘অসাংবিধানিক’ হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে।আখতার হোসেন আরও বলেন, সংবিধানের মৌলিক কাঠামোয় কোনো পরিবর্তন আনতে হলে একটি উচ্চতর কাঠামোর প্রতিষ্ঠান প্রয়োজন। সেই লক্ষ্যেই সংবিধান সংস্কার পরিষদের ধারণা প্রস্তাব করা হয়েছিল। অথচ সরকার তাদের দায়িত্ব পালন না করে এই পরিষদ গঠনে অনীহা দেখাচ্ছে। অথচ এই ধারণাটি আগে কোনো রাজনৈতিক দলই প্রত্যাখ্যান করেনি বলে তিনি উল্লেখ করেন।
দেশের ব্যাংক খাতের বর্তমান অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এনসিপি সদস্য সচিব। তিনি বলেন, যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, তাদের জন্য সামান্য অর্থ ফেরত দিলেই মালিকানা ফিরে পাওয়ার সুযোগ তৈরি করা হয়েছে। এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতে আরও বড় লুটপাটের পথ প্রশস্ত করবে। এতে দেশের অর্থনীতি দীর্ঘমেয়াদি ঝুঁকির মুখে পড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে এনসিপির অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং জনগণের দেওয়া গণভোটের রায়কে সম্মান জানিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন