রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

‘দেশের উন্নয়নে প্রবাসীদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে’

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৩, ২০২৬, ০৯:২১ পিএম

‘দেশের উন্নয়নে প্রবাসীদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে’

জাপানে ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চব্বিশের জুলাইয়ের ছাত্র-গণঅভ্যুত্থান বাংলাদেশের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই পরিবর্তনের ধারাকে টেকসই ও সফল করতে দেশের ভেতরের মানুষের পাশাপাশি প্রবাসীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রবাসে অর্জিত অভিজ্ঞতা, জ্ঞান ও সম্পদ দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে।

রোববার (৩ মে) জাপানের সাইতামা প্রিফেকচারের কশিগায়া শহরের গামো হলে ইসলামিক মিশন জাপান আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘কেন্দ্রীয় সদস্য সম্মেলন ও শিক্ষা শিবির-২০২৬’ শীর্ষক এই আয়োজনে জাপান প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

ডা. শফিকুর রহমান প্রবাসী বাংলাদেশিদের দায়িত্ব ও সম্ভাবনার বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরেন। তিনি বলেন, জাপানের মতো উন্নত ও শৃঙ্খলাবদ্ধ সমাজে ইসলামের সৌন্দর্য তুলে ধরার সবচেয়ে কার্যকর মাধ্যম হলো ব্যক্তিগত চরিত্র ও আচরণ। 

প্রবাসীদের প্রতিটি কাজ ও ব্যবহার যেন ইসলামের প্রতিনিধিত্ব করে এমন মানসিকতা ধারণ করার পরামর্শ দেন তিনি।জাপানকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র হিসেবে উল্লেখ করে তিনি জানান, স্বাধীনতার পর থেকেই দেশটি বাংলাদেশের উন্নয়নযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা ছাবের আহমদ। প্রথম অধিবেশনে দারসুল কুরআন পেশ করেন ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

বিশেষ অতিথি সাইফুল আলম খান মিলন তাঁর বক্তব্যে বিশ্বব্যবস্থার চ্যালেঞ্জ ও মুসলিম উম্মাহর ঐক্যের অপরিহার্যতার ওপর জোর দেন। তিনি বলেন, বিভাজন ও মতপার্থক্য ভুলে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শক্তিশালী সমাজ গড়ে তোলা সম্ভব। সভাপতির বক্তব্যে ছাবের আহমদ বলেন, জাপানে বসবাসরত সমগ্র প্রবাসী বাংলাদেশি সমাজের কল্যাণে এবং ইসলামের সুমহান বার্তা সর্বস্তরে পৌঁছে দিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় হতে হবে।উল্লেখ্য, সাত দিনের সফরে গত ২ মে জাপান পৌঁছান জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সেখানে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা ও সম্মেলনে অংশ নিচ্ছেন।