মে ৩, ২০২৬, ০৯:৫০ পিএম
সংস্কারের পক্ষে ভোট চেয়ে এখন তা বাস্তবায়ন না করাকে ‘অন্তহীন প্রতারণা’ বলে অভিহিত করেছেন জাতীয় কনভেনশনের বক্তারা। তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যেসব নাগরিক গণভোটে সংস্কারের পক্ষে রায় দিয়েছেন, তার প্রতিফলন না দেখলে তারা চুপ করে বসে থাকবে না এবং প্রয়োজনে রাজপথে নেমে আসবে।
রোববার (৩ মে) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের মুক্তিযোদ্ধা হলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত ‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট’ শীর্ষক জাতীয় কনভেনশনে এসব কথা বলেন নেতারা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ১৭ অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে এবং নভেম্বরের ১৩ তারিখে রাষ্ট্রপতির মাধ্যমে সংবিধান সংস্কার আদেশ হয়েছে। ১২ ফেব্রুয়ারি একইসাথে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলেও সরকার এখন জনগণকে বিভ্রান্ত করছে।
তিনি অভিযোগ করেন, সংসদে জুলাই সনদ মানার কথা বলা হলেও গণভোটের রায় বাস্তবায়নে সরকার অনীহা দেখাচ্ছে। এটি জনগণের সাথে অন্তহীন প্রতারণা ছাড়া আর কিছুই নয়।গোলাম পরওয়ার আরও উল্লেখ করেন, ৫ কোটি মানুষ ভোট দিয়ে সংস্কারের ৪৮ টি পরিবর্তনের পক্ষে মত দিয়েছে। বিএনপির নোট অব ডিসেন্টকে খারিজ করে জনগণ এই রায় দিয়েছে। ফলে গণভোটের বিরুদ্ধে কাজ করা রাজনৈতিক মুনাফেকি।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, নির্বাচন আদায়ের জন্য জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছিল—এমন মন্তব্য আত্মস্বীকৃত মুনাফেকি। তিনি সরকারের কাছে চারটি দাবি জানান: কোনো শর্ত ছাড়াই সংবিধানের সংস্কার, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও ভারসাম্য নিশ্চিত করা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং একটি নিরপেক্ষ নির্বাচন।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরে বলেন, দেশ এখন ৩০ লক্ষ কোটি টাকার ঋণভারে জর্জরিত হতে যাচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, বর্তমান ধারায় চললে আগামী কয়েক বছরের মধ্যে শাসনব্যবস্থায় স্বৈরতান্ত্রিক লক্ষণ প্রকট হতে পারে।
সভাপতির বক্তব্যে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেন, সরকার সংসদকে নিজের মতো পরিচালনা করছে যা জনগণের আকাঙ্ক্ষার বিরোধী। তিনি উচ্চকক্ষ প্রতিষ্ঠা, বিচার বিভাগের পৃথকীকরণ এবং তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির টেকসই সংস্কারের ওপর জোর দেন। নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, ধাপে ধাপে সংস্কার বাস্তবায়ন না করলে জনগণকে সাথে নিয়ে রাজপথে আন্দোলনই হবে একমাত্র পথ।
কনভেনশনে আরও বক্তব্য রাখেন নাগরক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস সাকিব আনোয়ার এবং এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। বক্তারা হুশিয়ারি দেন যে, ৫৪ বছরের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন জরুরি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন