মে ৫, ২০২৬, ০৬:০৯ পিএম
জাপানের বৃহত্তর নাগোয়া শহরে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দল হিসেবে সংসদে এবং সংসদের বাইরে সব ধরনের আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়া হবে।
মঙ্গলবার (৫ মে) জাপানের নাগোয়া শহরের সিবুকাওয়া ওয়েলফেয়ার সেন্টারে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামিক মিশন জাপান, নাগোয়া শাখার তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এমপি বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিয়ে নিজেদের রায় জানিয়ে দিয়েছেন। এখন এই রায় বাস্তবায়ন না করা মানে দেশের প্রতিটি নাগরিককে অপমান করা।
তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, গণভোটের রায় বাস্তবায়ন হবেই এবং এটি ব্যর্থ হতে দেওয়া হবে না।জুলাইয়ের গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকার প্রশংসা করে বিরোধীদলীয় নেতা বলেন, ফ্যাসিস্ট সরকারকে হটাতে প্রবাসীরা রেমিট্যান্স শাটডাউনসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ৫ আগস্ট পরবর্তী সময়ে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতি সচল রাখার জন্যও তিনি প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি সংযুক্ত আরব আমিরাতে কারাবন্দী ৩৯ জন প্রবাসীর মুক্তির বিষয়ে কাজ করার অঙ্গীকার করেন।
দেশের চলমান বাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, চাঁদাবাজি এবং সিন্ডিকেটের কারণে পণ্যের দাম অনেক বেড়ে গেছে। জাতির দুর্ভোগ কমাতে সরকারকে সকল প্রকার চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি।
সাইফুল আলম খান মিলন এমপি তার বক্তব্যে বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে বিপুল সংখ্যক মানুষের ত্যাগের পরও গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া দুঃখজনক। অন্যদিকে ব্যারিস্টার আরমান এমপি বলেন, প্রয়োজনে জান দেবেন, কিন্তু জুলাই বিপ্লবের শহীদদের রক্ত বৃথা যেতে দেবেন না। তিনি গণভোটের দাবির প্রশ্নে কোনো ছাড় না দেওয়ার ঘোষণা দেন।
ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সহ-সভাপতি ড. মাজেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র আল-কুরআন তেলাওয়াতের মাধ্যমে। নাগোয়া শহরসহ বৃহত্তর আইচি প্রিফেকচারে বসবাসরত বাংলাদেশি চিকিৎসক, প্রকৌশলী, গবেষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে যোগ দেন। নাগরিক সংবর্ধনার পাশাপাশি সেখানে একটি পিঠা উৎসব ও শিশুদের ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা সাবের আহমদ। ইসলামিক মিশন জাপান নাগোয়া শাখা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন