রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শাপলা চত্বরের ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করা সরকারের দায়িত্ব : হেফাজত আমির

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৬, ২০২৬, ১১:৪৯ এএম

শাপলা চত্বরের ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করা সরকারের দায়িত্ব : হেফাজত আমির

হেফাজত আমির

২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরে যারা শহীদ হয়েছেন, তাদের ন্যায়বিচার প্রতিষ্ঠা করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। গতকাল মঙ্গলবার (৫ মে) চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

শাপলা চত্বরের শহীদদের রুহের মাগফিরাত কামনায় হেফাজতে ইসলাম ফটিকছড়ি উপজেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, ৫ মে’র ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য জাতির সামনে তুলে ধরতে হবে। 

যারা ওই দিন জীবন হারিয়েছেন, তাদের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা সরকারের নৈতিক ও আইনি দায়িত্ব।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী। 

তিনি বলেন, ৫ মে আলেম হত্যার ঘটনার এখন পর্যন্ত কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি না থাকায় আমরা হতাশ। ভবিষ্যতে এই ঘটনার যথাযথ স্বীকৃতি এবং সুষ্ঠু বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি।ফটিকছড়ি উপজেলা হেফাজত আমির আল্লামা আইয়ুব বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জুনায়েদ বিন জালাল, শাহজাহান ইসলামাবাদী এবং শওকত বিন হানিফ। উপস্থিত বক্তারা শাপলা চত্বরে নিহতদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার জোর দাবি জানান।

সঞ্চালনায় ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা হারুন আজিজি। দোয়া মাহফিলে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং আলেম-ওলামারা অংশগ্রহণ করেন। সভার শেষে শাপলা চত্বরে নিহতদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী। পুরো অনুষ্ঠানটি মাদরাসার মসজিদ প্রাঙ্গণে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।