রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দ্বিতীয় বিয়ে করলেন হেফাজত মহাসচিব সাজিদুর রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৮, ২০২৬, ০৯:৫৩ এএম

দ্বিতীয় বিয়ে করলেন হেফাজত মহাসচিব সাজিদুর রহমান

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান দ্বিতীয়বার বিয়ে করেছেন। বৃহস্পতিবার রাতে তাঁর নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর গ্রামে পারিবারিক আয়োজনে এই বিবাহ সম্পন্ন হয়।সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে গত ৩০ মার্চ আল্লামা সাজিদুর রহমানের প্রথম স্ত্রী রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। প্রথম সংসারে তাঁর চার ছেলে ও দুই মেয়ে রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নববধূর নাম আমাতুর রহমান। তিনি ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর গ্রামের বাসিন্দা মাওলানা মকবুল হাসানের মেয়ে। আমাতুর রহমানের প্রথম স্বামী কয়েক মাস আগে মারা যান। তাঁর ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

বিয়ে প্রসঙ্গে আল্লামা সাজিদুর রহমানের ছেলে তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানান, মায়ের মৃত্যুর পর এই বয়সে বাবার অসুস্থতা ও কর্মব্যস্ত জীবনের কথা বিবেচনা করে একজন সঙ্গীর প্রয়োজন অনুভব করেন পরিবারের সদস্যরা। সব ভাই-বোনের পরামর্শ ও ইচ্ছাতেই এই বিয়ের আয়োজন করা হয়েছে।

ঘরোয়াভাবে আয়োজিত এই বিয়েতে ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট কয়েকজন আলেম ও দুই পরিবারের ঘনিষ্ঠ স্বজনেরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, আল্লামা সাজিদুর রহমান দেশের একজন প্রখ্যাত আলেম। তিনি ব্রাহ্মণবাড়িয়া জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়ার প্রিন্সিপাল এবং জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার শায়খুল হাদিস হিসেবে দায়িত্বরত আছেন।