মে ৮, ২০২৬, ০৮:০৬ পিএম
সংসদ সদস্য হিসেবে পাওয়া প্রথম মাসের বেতন থেকে বেদে সম্প্রদায়ের শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। ন্যাশনাল নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠক অবহেলিত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছেন।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে প্রকাশিত একটি ভিডিওর মাধ্যমে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। সমাজের মূলধারা থেকে দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকা বেদে জনগোষ্ঠীকে শিক্ষার আলোয় এগিয়ে নিতে ‘Let’s Meet Gypsy Genius’ নামে একটি বিশেষ কর্মসূচি চালু করেছেন তিনি।
এই কর্মসূচির প্রথম ধাপে হাসনাত আব্দুল্লাহ তাঁর প্রথম মাসের পূর্ণাঙ্গ বেতন থেকে বেদে সম্প্রদায়ের ৩৪ জন শিক্ষার্থীকে নগদ শিক্ষাবৃত্তি প্রদান করেছেন। এটি তাঁর ব্যক্তিগত উদ্যোগের একটি ক্ষুদ্র অংশ বলে জানানো হয়েছে।
শিক্ষাবৃত্তি পেয়েছেন ৩৪ জন শিক্ষার্থী।
উচ্চমাধ্যমিক পাসের পর উচ্চশিক্ষার স্বপ্ন দেখা বেদে সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানিয়েছেন এই সংসদ সদস্য। একই কর্মসূচির আওতায় উচ্চশিক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রতি মাসে দুই হাজার ৫০০ টাকা করে বিশেষ শিক্ষাবৃত্তি দেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।এ প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, বেদে সম্প্রদায় আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। কিন্তু দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন ক্ষেত্রে অবহেলিত এবং শিক্ষার পর্যাপ্ত সুযোগ থেকে বঞ্চিত।
এই জনগোষ্ঠীর সন্তানদের মাঝে থাকা সুপ্ত মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতেই এই ক্ষুদ্র প্রয়াস চালানো হয়েছে।বেদে সম্প্রদায়ের অভিভাবকদের মাঝে এই উদ্যোগ ব্যাপক উৎসাহ তৈরি করেছে। এই জনগোষ্ঠীর শিক্ষার্থীরা যাতে শিক্ষার মূলধারায় যুক্ত হয়ে ভবিষ্যতে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে, সেই লক্ষ্যে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন কুমিল্লার এই তরুণ জনপ্রতিনিধি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন