মে ৮, ২০২৬, ০৮:২০ পিএম
বিএনপি ঝুঁকি নিতে চায় না এবং অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খেতে আনন্দ পায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দীন। তিনি বলেন, তারা যদি ২০১৩ সালের ৫ মে ঝুঁকি নিত, তবে তাদের যেমন দীর্ঘ সময় জেল-জুলুম সহ্য করতে হতো না, আলেমদেরও এই পরিস্থিতি মোকাবিলা করতে হতো না।
শুক্রবার দুপুরে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শাপলা স্মৃতি সংসদ আয়োজিত স্মারক গ্রন্থ ‘শহীদনামা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সভায় ৫ মে’র ঘটনা নিয়ে তথ্যচিত্র প্রদর্শন এবং পুরস্কার বিতরণ করা হয়।
মহাসচিব জালাল উদ্দীন বলেন, ওই দিন তৎকালীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাঁর কর্মীদের শাপলা চত্বরে হেফাজত কর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন। সেদিন যদি তাঁর আহ্বানে সাড়া দিয়ে বিএনপি কর্মীরা রাজপথে আসত, তবে বাংলাদেশ ২০১৩ সালেই ফ্যাসিস্টমুক্ত হয়ে যেত।
২০১৩ সালের অবদানই জুলাই অভ্যুত্থানের পটভূমি।জালাল উদ্দীন আরও বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশ যে ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে, তার ভিত্তিপ্রস্তর ছিল ২০১৩ সালের শাপলা চত্বরে ওলামা-ছাত্রদের অবদান। তিনি সরকারের কাছে অনুরোধ জানিয়ে বলেন, আমাদের স্কুল, কলেজ ও মাদরাসার পাঠ্যসূচিতে শাপলা চত্বরের ঘটনাটি যেন দ্রুত অন্তর্ভুক্ত করা হয়।
একই সঙ্গে শাপলা চত্বরের গণহত্যার বিচারের দাবিও জানান তিনি।অনুষ্ঠানে শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান মাওলানা মুহাম্মাদ মামুনুল হক সভাপতিত্ব করেন। সভায় বিভিন্ন স্তরের আলেম-ওলামা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা ৫ মে’র ঘটনার সঠিক ইতিহাস সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন