মে ৮, ২০২৬, ১০:৫০ পিএম
জাপানকে বাংলাদেশে একটি বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল স্থাপনের অনুরোধ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার জাপানের স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার শিমাদা তোমোকির সঙ্গে এক বৈঠকে তিনি এই অনুরোধ জানান।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দেশটির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতেই ভাইস মিনিস্টার শিমাদা তোমোকি ডা. শফিকুর রহমানকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হওয়া এবং জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা মনোনীত হওয়ায় অভিনন্দন জানান।
উভয় নেতার আলোচনায় বাংলাদেশ ও জাপানের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও কৌশলগত সম্পর্ক নিয়ে বিস্তারিত কথা হয়। এতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
ডা. শফিকুর রহমান বিশেষভাবে বাংলাদেশে ক্যান্সার আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসার জন্য একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণে জাপানের কারিগরি ও আর্থিক সহযোগিতা কামনা করেন।জাপানের পক্ষ থেকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও সামাজিক উন্নয়নের প্রশংসা করা হয়েছে। শিমাদা তোমোকি জানান, বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আঞ্চলিক স্থিতিশীলতায় বাংলাদেশের ভূমিকার গুরুত্বও আলোচনায় উঠে আসে।
ডা. শফিকুর রহমান অবকাঠামো, বিদ্যুৎ ও মানবসম্পদ উন্নয়নে জাপানের দীর্ঘদিনের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও বহুমাত্রিক ও সুদৃঢ় হবে।বৈঠকে বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন