সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,

দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১০, ২০২৬, ০২:২৯ পিএম

দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ।

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরের ‘গুয়াংজু ইন্টারন্যাশনাল সেন্টার’-এর আমন্ত্রণে ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম ২০২৬’-এ অংশগ্রহণের উদ্দেশ্যে তিনি আজ রোববার (১০ মে) রাতে রওনা করবেন।

আজ দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই সফরে তিনি আন্তর্জাতিক মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণ বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশনে অংশ নেবেন।

সফরকালে আসিফ মাহমুদ দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হবেন। সেখানে তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং প্রবাসী সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করবেন। 

এছাড়া এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত একাধিক সাংগঠনিক সভা, প্রতিনিধি বৈঠক এবং কমিউনিটি সংযোগমূলক কার্যক্রমেও তাঁর অংশগ্রহণের কথা রয়েছে।

সূচি অনুযায়ী, সফর শেষে আগামী ১৯ মে রাতে তাঁর দেশে ফেরার কথা রয়েছে। মানবাধিকার ও গণতান্ত্রিক সংস্কারের এই বৈশ্বিক মঞ্চে আসিফ মাহমুদের অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।