মে ১০, ২০২৬, ০৭:৩৩ পিএম
বিনা বিচারে কোনো হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (১০ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জননিরাপত্তা নিশ্চিত করার এবং আইনের শাসন প্রতিষ্ঠার জোর আহ্বান জানিয়েছেন।
জামায়াত আমির তার ফেসবুক পোস্টে সাম্প্রতিক কিছু নৃশংস হত্যাকাণ্ডের উদাহরণ তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, অতি সম্প্রতি নওগাঁ জেলায় ৪ জন, চট্টগ্রামে ৩ জন এবং গাজীপুরে ৫ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে।
এ ছাড়া আজ ভোররাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাগচালা গ্রামে গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা করার ঘটনাটি তিনি উল্লেখ করেন।
দেশের এই অস্থিতিশীল পরিস্থিতির সমালোচনা করে ডা. শফিকুর রহমান প্রশ্ন তোলেন যে, এগুলো কি শুধুই সামাজিক বিশৃঙ্খলা, নাকি আইনের সঠিক প্রয়োগের অভাবে সৃষ্ট হতাশা থেকে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ? তার মতে, বিনা বিচারে কোনো হত্যাকাণ্ডই কোনো যুক্তিতে সমর্থনযোগ্য হতে পারে না।
আইনের শাসন প্রতিষ্ঠার বিষয়ে জামায়াত আমির বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং বিচার বিভাগ জনগণের কাছে গ্রহণযোগ্য না হওয়া পর্যন্ত দেশে প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠা করা অসম্ভব। এ ক্ষেত্রে তিনি সরকারের সদিচ্ছার ওপর গুরুত্বারোপ করেন। তিনি মনে করেন, সরকারের সদিচ্ছা এবং যথাযথ উদ্যোগই এই সামাজিক ও আইনি সমস্যার কার্যকর সমাধান আনতে পারে।
উন্নয়ন ও নিরাপত্তার বিষয়ে শফিকুর রহমান বলেন, জনগণের নিরাপত্তাকে উপেক্ষা করে সরকারের গৃহীত কোনো কর্মসূচিই সফল হওয়ার সম্ভাবনা নেই। তিনি সরকারকে আগে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দেন। ডা. শফিকুর রহমানের মতে, জননিরাপত্তা নিশ্চিত হওয়ার পরেই স্বচ্ছ উন্নয়নের পদক্ষেপ নেওয়া উচিত। অন্যথায় দেশের সামাজিক কাঠামো ঝুঁকির মুখে পড়বে বলে তিনি সতর্ক করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন