মে ১৩, ২০২৬, ১১:৩০ এএম
বীর মুক্তিযোদ্ধা, সাতবারের সংসদ সদস্য এবং বর্ষীয়ান রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। বুধবার (১৩ মে) সকাল ১০টা ৯ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।পারিবারিক সূত্রে জানা গেছে, প্রবীণ এই নেতা বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত কয়েকদিন ধরে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর বড় ছেলে সাবেদুর রহমান সুমু বুধবার সকালে গণমাধ্যমের কাছে এই বর্ষীয়ান নেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। তিনি দলটির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন।
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। মাঠপর্যায়ের রাজনীতিতে এবং মিরসরাইয়ের উন্নয়নে তাঁর ব্যাপক অবদান রয়েছে। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।বর্তমানে তাঁর মরদেহ হাসপাতাল থেকে মিরসরাইয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা ও দাফনের সময়সূচি পরবর্তীতে বিস্তারিতভাবে জানানো হবে বলে তাঁর পরিবারের সদস্যরা উল্লেখ করেছেন।ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ১৯৪৩ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। দেশের সংসদীয় রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন এই নেতার প্রয়াণে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে এক বিশাল শূন্যতা তৈরি হলো।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন