বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

সীমান্তে হত্যা ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৫, ২০২৬, ০৬:১৩ পিএম

সীমান্তে হত্যা ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ

খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল।

ভারতে সংখ্যালঘু মুসলিম নির্যাতন এবং বিএসএফ কর্তৃক সীমান্তে বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে খেলাফত মজলিস। শুক্রবার (১৫ মে) বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এই কর্মসূচি শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উত্তর গেটে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর এই বিক্ষোভের আয়োজন করে।বিএসএফ বারবার আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করছে বলে দাবি করেছে দলটি।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, সীমান্ত হত্যা দীর্ঘদিন বন্ধ থাকার পর ভারত আবারও তা শুরু করেছে। এর মাধ্যমে বাংলাদেশকে নতুন করে ভয় দেখানো হচ্ছে। পুশইন এবং মাদক চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড চালিয়ে সীমান্তবর্তী অঞ্চলে ভারত অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। 

তিনি ভারতকে অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ এবং সব হত্যাকাণ্ডের ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান।গত এক সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়া ও লালমনিরহাট সীমান্তে তিনজন বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করেন আহমদ আবদুল কাদের। তিনি বলেন, এতগুলো প্রাণের বিনিময়েও ঢাকার ভারতীয় হাইকমিশনারকে তলব করেনি পররাষ্ট্র মন্ত্রণালয় — যা অত্যন্ত দুঃখজনক। তিনি অবিলম্বে কার্যকর কূটনৈতিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সময় ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে দুই প্রবাসী বাংলাদেশি নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দেন তিনি।

ঢাকা মহানগরী উত্তর সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকারের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা ভারতের আধিপত্যবাদী আচরণের বদলে প্রতিবেশীসুলভ সম্পর্কের ওপর জোর দেন। মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা সীমান্ত হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচিতে নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী ও যুগ্মমহাসচিব অধ্যাপক আবদুল জলিলসহ দলের অন্যান্য সম্পাদকীয় পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।