রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,

কারিনা কায়সারের জানাজায় অংশ নেবেন নাহিদ ইসলাম

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৭, ২০২৬, ০৫:৫০ পিএম

কারিনা কায়সারের জানাজায় অংশ নেবেন নাহিদ ইসলাম

কেন্দ্রীয় শহীদ মিনার

সদ্য প্রয়াত জুলাইযোদ্ধা ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের জানাজা আজ রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে। এই শেষ বিদায় অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সশরীরে উপস্থিত থাকবেন। দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত আজ রোববার (১৭ মে) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন।

নাহিদ ইসলামের সঙ্গে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা এই জানাজায় অংশ নেবেন।লিভারের জটিলতায় আক্রান্ত হয়ে ভারতে চিকিৎসাধীন অবস্থায় সম্প্রতি মারা যান জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। 

আজ তাঁর মরদেহ বিশেষ ব্যবস্থায় দেশে আনা হচ্ছে এবং ঢাকার বিভিন্ন স্থানে কয়েকটি ধাপে জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী প্রথম জানাজা বাদ মাগরিব বনানী ডিওএইচএস মাঠে এবং দ্বিতীয় জানাজা বাদ এশা বনানী দরবার শরিফে অনুষ্ঠিত হবে। এরপর রাত ১০টায় সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা ও অংশগ্রহণের জন্য তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হবে।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে সব সহযোদ্ধা ও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিকে শহীদ মিনারে সময়মতো উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, আন্দোলনের এই সাহসী সহযোদ্ধাকে যথাযথ সম্মানের সাথে বিদায় জানাতে তাঁরা সবাই সেখানে উপস্থিত থাকবেন। ঢাকার সব আনুষ্ঠানিকতা ও জানাজা শেষে আগামীকাল সোমবার মুন্সিগঞ্জে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।