মে ১৮, ২০২৬, ০৮:২৮ পিএম
নির্বাচনের আগে ইসলামপন্থী দলগুলোর নির্বাচনি সমঝোতা ভেঙে যাওয়ার দায় জামায়াতে ইসলামীর ওপর চাপিয়েছেন চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। সোমবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ইসলামপন্থী দলগুলোর ভোট এক জায়গায় আনার লক্ষ্যে এই আলোচনার সূত্রপাত হয়েছিল।জামায়াতের এককভাবে ক্ষমতায় যাওয়ার চিন্তার কারণেই শেষ পর্যন্ত এই বৃহত্তর সমঝোতা সফল হয়নি বলে তিনি জানান।
চরমোনাই পীর অভিযোগ করেন যে জামায়াত অন্য দলগুলোর সাথে আলোচনা না করে একক সিদ্ধান্তে নতুন নতুন দলকে জোটে যুক্ত করেছে। এমনকি আসন বণ্টনের ক্ষেত্রেও তারা পূর্বে সমঝোতায় থাকা দলগুলোর সাথে কোনো ধরনের পরামর্শ করেনি। এছাড়া ভারত ও আমেরিকার সাথে গোপন বৈঠক এবং বিদ্যমান আইনে রাষ্ট্র চালানোর অঙ্গীকার করার সমালোচনা করেন তিনি।
তিনি আরও দাবি করেন যে মার্কিনিদের সাথে বৈঠকে ইসলামী আন্দোলনকে উগ্রবাদী হিসেবে সার্টিফিকেট দিয়েছে জামায়াত।মতবিনিময় সভায় অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে আমেরিকার সঙ্গে করা বাণিজ্য চুক্তির বিরোধিতা করেন ইসলামী আন্দোলনের আমির। এই চুক্তিকে দেশের স্বার্থবিরোধী ও এক প্রকার গোলামির চুক্তি হিসেবে আখ্যায়িত করে এটি পর্যালোচনার আহ্বান জানান তিনি। সংসদ ও বিরোধী রাজনৈতিক দলগুলোকে দেশের স্বার্থ রক্ষায় এই বিষয়ে সোচ্চার ভূমিকা রাখার তাগিদ দেওয়া হয়। রাজনীতিতে আসন বা ক্ষমতার ভাগাভাগির চেয়ে দেশ ও ইসলামের স্বার্থ রক্ষা করাই তাদের মূল লক্ষ্য বলে তিনি স্পষ্ট করেন।
ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ এবং পশু কোরবানি নিষিদ্ধের তীব্র নিন্দা জানান চরমোনাই পীর। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোটে না গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পূর্ণ স্বতন্ত্রভাবে অংশ নেবে বলে সিদ্ধান্ত জানানো হয়। বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে দলীয়করণের প্রবণতা বন্ধ করে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে লোক নিয়োগের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন