রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ দাবি হাসনাত আব্দুল্লাহর

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২১, ২০২৬, ১২:০৯ এএম

সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ দাবি হাসনাত আব্দুল্লাহর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সরকার নানা ধরনের কার্ড দিচ্ছে কিন্তু জনগণ ন্যায়বিচার পাচ্ছে না। বুধবার সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোটে আয়োজিত এক পথসভায় তিনি দাবি করেন, আমাদের এখন ‘জাস্টিস কার্ড’ প্রয়োজন। তার মতে, সাধারণ মানুষ দেশের সর্বত্রই বঞ্চনার শিকার হচ্ছে।

হাসপাতালের আইসিইউ সংকট, ঘুষ ছাড়া চাকরি না পাওয়া এবং থানায় দালাল চক্রের দৌরাত্ম্য নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।হাসনাত আব্দুল্লাহ বলেন, জনগণের ত্যাগ ও রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা ছিল। অথচ আজ সাধারণ মানুষ ন্যায্য সেবা থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে। 

বিচারহীনতা, দুর্নীতি ও দমন-পীড়নের সংস্কৃতি এখনো বিদ্যমান বলে তিনি মন্তব্য করেন। মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হওয়ার পাশাপাশি গুম ও হত্যার আতঙ্ক এখনো কাটেনি বলে তিনি অভিযোগ তোলেন।ভুক্তভোগীরা অনেক সময় আইনি আশ্রয় নিতে ভয় পান।

এনসিপির এই নেতা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সব উন্নয়নমূলক উদ্যোগই প্রশ্নবিদ্ধ থাকবে। জনগণ ভোটের মাধ্যমে বা গণপ্রতিরোধের মুখে এর উপযুক্ত জবাব দেবে। দ্রুত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিচারব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তিনি।