শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

মারা গেছেন সাবেক এমপি দবিরুল ইসলাম

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৯, ২০২৬, ১১:০৬ এএম

মারা গেছেন সাবেক এমপি দবিরুল ইসলাম

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা দবিরুল ইসলাম মারা গেছেন। পবিত্র ঈদুল আজহার দিন গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

১৯৪৮ সালের ২৯ সেপ্টেম্বর ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন দবিরুল ইসলাম। ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাঁর রাজনৈতিক জীবনের শুরু হয়েছিল বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মাধ্যমে। 

পরে তিনি আওয়ামী লীগে যোগ দেন এবং উত্তরবঙ্গের রাজনীতিতে শক্তিশালী অবস্থান তৈরি করেন।ঠাকুরগাঁও-২ আসন থেকে টানা সাতবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার বিরল রেকর্ড রয়েছে তাঁর। ১৯৮৬ ও ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিপিবির প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছিলেন।

 পরে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে পরপর পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। দায়িত্ব পালনকালে তিনি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বও সামলান।২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়। ওই বছরের ৩ অক্টোবর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। দীর্ঘদিন কারাবন্দি থাকার পর চলতি মাসের শুরুতে তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন।