জুন ৮, ২০২৬, ০৮:৫৩ পিএম
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর ব্যতিক্রমী উদ্যোগে জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছে তার নির্বাচনি এলাকার ১৫৩ জন কৃতী শিক্ষার্থী। সোমবার বিকেলে ‘জার্নি টু পার্লামেন্ট’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা এই সুযোগ লাভ করে।
সংসদীয় কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা প্রদান এবং উচ্চশিক্ষা ও নেতৃত্বের গুণাবলী বিকাশে উদ্বুদ্ধ করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। পরিদর্শনের অংশ হিসেবে শিক্ষার্থীরা সংসদ ভবনের বিভিন্ন ঐতিহাসিক স্থান ঘুরে দেখে।
অংশগ্রহণকারীরা সংসদের গ্যালারিতে বসে সরাসরি অধিবেশনের কার্যক্রম পর্যবেক্ষণ করে। বিভিন্ন স্কুল ও মাদরাসা থেকে আসা শিক্ষার্থীরা এই বিশেষ সুযোগ পেয়ে দারুণ আনন্দিত।দেশের সর্বোচ্চ আইনসভা সরাসরি দেখার অভিজ্ঞতা নিয়ে শিক্ষার্থীরা জানায়, এই মুহূর্তটি তাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে।
সংসদীয় কার্যক্রমের এই পর্যবেক্ষণ তাদের আগামী দিনের স্বপ্ন ও পথচলায় বাড়তি প্রেরণা জোগাবে।শিক্ষার্থীদের পাশাপাশি কয়েকজন শিক্ষকও এই সফরে অংশ নেন। জাতীয় সংসদ ভবনের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা সরাসরি দেখার মাধ্যমে শিক্ষার্থীরা আইন প্রণয়ন ও রাষ্ট্রের প্রশাসনিক কার্যক্রমের বিষয়ে হাতে-কলমে জ্ঞান অর্জনের সুযোগ পেয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন