রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিরোধীদলীয় নেতার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৯, ২০২৬, ০২:৪২ পিএম

বিরোধীদলীয় নেতার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মি. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সকাল সাড়ে ১১টায় বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে আরও উপস্থিত ছিলেন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর এরিক গিলান এবং রাজনৈতিক কর্মকর্তা হারমানোশি বার্নার্ড। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান ও দলের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সদস্য আলী আহমাদ মাবরুর এ সময় উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামীর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাতে নির্বাচন-পরবর্তী দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় বাজেট, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। 

এছাড়া গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের বিকাশ, সুশাসন, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উভয় পক্ষ তাদের মতামত বিনিময় করেন।উভয় পক্ষই পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও গভীর বোঝাপড়ার মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান সম্পর্ককে আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতের আমিরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের এই বৈঠককে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।