শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬,

বিরোধী দলের কর্মকাণ্ডে ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২৪, ২০২৬, ০৫:৫৬ পিএম

বিরোধী দলের কর্মকাণ্ডে ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী

বিরোধী দলের রাজনৈতিক কর্মকাণ্ডে ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বিরোধীদের তীব্র সমালোচনা করেন।রিজভী বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী নানামুখী তৎপরতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে বর্তমান সরকারের আমলে দেশবিরোধী কোনো ধরনের কর্মকাণ্ড বরদাশতো করা হবে না। 

তিনি দাবি করেন, বর্তমানে দেশে গুম কিংবা ক্রসফায়ারের মতো কোনো ঘটনা নেই এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলারও পুরোপুরি অবসান ঘটেছে। সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর নিয়েও ইতিবাচক প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির এই জ্যেষ্ট নেতা। 

তিনি আশা প্রকাশ করেন, এই গুরুত্বপূর্ণ সফরের মাধ্যমে দুই দেশের বিদ্যমান বাণিজ্য ঘাটতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। একই সাথে বাংলাদেশে নতুন বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে সরকার সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি জানান।গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে দেশকে একটি আত্মনির্ভরশীল ও সক্ষম রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী।