জুন ৩০, ২০২৬, ০৮:০৯ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই আগে কৃতকর্মের জন্য কয়েকবার ক্ষমা চাওয়া উচিত। ৩০ জুন মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরার মীর মুগ্ধ মঞ্চে আয়োজিত চার দিনব্যাপী মাদকবিরোধী ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জামায়াতের বিরুদ্ধে কোনো ভোঁতা অস্ত্র ব্যবহার করে দলটিকে ঘায়েল করা যাবে না।পলাতক শেখ হাসিনার সহযোগীদের কথায় চললে বর্তমান সরকারের পরিণতি ভালো হবে না।
সেলিম উদ্দিন তার বক্তব্যে উল্লেখ করেন, জাতীয় সংসদে কিছু নতুন মুফতি আবিষ্কার হয়েছে, যারা জামায়াতে ইসলামী প্রকৃত ইসলাম নয় বলে সম্পূর্ণ বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। এ ধরনের অপপ্রচার চালিয়ে জামায়াতকে কোনোভাবেই দুর্বল করা যাবে না। সংসদে এমন অপ্রাসঙ্গিক বক্তব্য দিয়ে জাতির সঙ্গে মশকরা করা হচ্ছে বলেও তিনি ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি পুরোনো বৈরিতার রাজনীতিকে বিদায় দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চান, যার প্রশংসা জামায়াত সংসদেও করেছে।
মাদক নির্মূলের বিষয়ে এই জামায়াত নেতা বলেন, দেশের অসাধু রাজনীতিকরা কখনোই মাদকমুক্ত সমাজ চান না, কারণ সমাজ মাদকমুক্ত হলে তারা নিজেদের অন্যায় কাজের জন্য কর্মী খুঁজে পাবেন না। উত্তরাকে নিরাপদ রাখতে পুলিশ প্রশাসনের প্রতি মদের বারগুলো দ্রুত বন্ধ করার আহ্বান জানান তিনি। এর পাশাপাশি তিনি ঘোষণা করেন, আগামী এক মাসের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ২৫টি ডিজিটাল অ্যাপ উদ্বোধন করা হবে, যার মাধ্যমে নিরাপদ খাদ্য ও বিশুদ্ধ পানিসহ বিভিন্ন নাগরিক সেবা নিশ্চিত করা হবে।
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪টি ওয়ার্ডে এই গণসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। উত্তরা পশ্চিম অঞ্চলের পরিচালক ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নেতা ড. মুহাম্মদ রেজাউল করিম, মাহফুজুর রহমান, নাজিম উদ্দিন মোল্লা ও ইয়াছিন আরাফাত। এ সময় স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন