রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও দোয়া জানাল মহিলা জামায়াত

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২, ২০২৬, ১২:৩৬ পিএম

এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও দোয়া জানাল মহিলা জামায়াত

সারা দেশে একযোগে শুরু হওয়া ২০২৬ সালের উচ্চমাধ্যমিক বা এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার্থীদের প্রতি আন্তরিক দোয়া ও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক আনুষ্ঠানিক বিবৃতিতে মহিলা বিভাগের সেক্রেটারি ও সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকা এই বিশেষ শুভেচ্ছা জ্ঞাপন করেন। বিবৃতিতে তিনি শিক্ষার্থীদের জীবনের এই গুরুত্বপূর্ণ ধাপে অত্যন্ত ধৈর্য ও আত্মবিশ্বাসের সঙ্গে অংশ নেওয়ার আহ্বান জানান।

পরীক্ষাকে একজন শিক্ষার্থীর দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায় ও অর্জিত প্রস্তুতির যথাযথ মূল্যায়নের এক অনন্য সুযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে।মহিলা জামায়াতের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা তাঁর বিবৃতিতে আশা প্রকাশ করেন যে, দেশের সব পরীক্ষার্থী পূর্ণ আত্মবিশ্বাস, সততা ও পরম ধৈর্যের সঙ্গে এবারের পরীক্ষায় অংশগ্রহণ করবে। 

একই সঙ্গে তারা মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার ওপর গভীর ভরসা রেখে নিজেদের সর্বোচ্চ চেষ্টাটুকু বিলিয়া দেবে। পরীক্ষার্থীদের সার্বিক কল্যাণ ও সুস্বাস্থ্য কামনা করে তিনি অভিভাবক, শিক্ষক এবং পরীক্ষা প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি একটি বিশেষ আহ্বান জানিয়েছেন। তিনি অনুরোধ করেন যেন প্রতিটি পরীক্ষাকেন্দ্রে এবং পারিবারিক পর্যায়ে শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ শান্ত, স্বস্তিদায়ক ও উৎসাহব্যাঞ্জক একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করা হয়।

সুষ্ঠু, সুন্দর, সম্পূর্ণ নকলমুক্ত ও নির্বিঘ্ন পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর অনুরোধ জানিয়েছেন। নূরুন্নিসা সিদ্দীকা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন যেন তিনি সব পরীক্ষার্থীর অক্লান্ত পরিশ্রম কবুল করেন এবং তাদের মেধা ও যোগ্যতার সর্বোত্তম প্রকাশের সুযোগ করে দেন। এই শিক্ষার্থীরা যেন মেধার বিকাশ ঘটিয়ে দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করতে পারে, সেই কামনা করে সবার উজ্জ্বল ভবিষ্যৎ ও জীবনের সর্বাঙ্গীন সফলতা কামনা করে বিবৃতি শেষ করা হয়।