রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গণভোট বাস্তবায়নে সরকারের প্রতি জামায়াত আমীরের আহ্বান

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৩, ২০২৬, ০৮:১৯ পিএম

গণভোট বাস্তবায়নে সরকারের প্রতি জামায়াত আমীরের আহ্বান

নেত্রকোণা জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জেলা পাবলিক হলে ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকালে আয়োজিত এই সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে সাত শতাধিক পুরুষ ও নারী রুকন অংশগ্রহণ করেন। জেলা আমীর মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, ইব্রাহিম (আ.) যেভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শপথ বাস্তবায়ন করেছেন, রুকনদেরকেও মহান মনিবের সন্তুষ্টির জন্য সেই আদর্শে অটল থাকতে হবে। তিনি আরও বলেন, সংগঠনের প্রতিটি রুকন আদর্শিক আন্দোলনের ভিত্তি। তাই আত্মশুদ্ধি, কুরআন-হাদিস অধ্যয়ন ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে জনকল্যাণমূলক কাজে আন্তরিকভাবে আত্মনিয়োগের মাধ্যমে সংগঠনের শক্তি সুসংহত করতে হবে।

গণভোটের প্রসঙ্গ টেনে জামায়াত আমীর বলেন, এদেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সরকার জনগণের এই রায়ের প্রতি সম্মান দেখিয়ে গণভোট বাস্তবায়নে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

নেতৃবৃন্দ সম্মেলনে আদর্শিক মানোন্নয়ন, দাওয়াতি কার্যক্রম জোরদার এবং সমাজসেবামূলক কাজে আরও সক্রিয় হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। সম্মেলনে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানানো হয়।