সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৫, ২০২৬, ০২:০৯ পিএম

বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত স্পেনের মান্যবর রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন। রোববার সকালে সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ডা. শফিকুর রহমান বিরোধীদলীয় নেতার দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে তার প্রথম বৈঠক।

সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।বৈঠকে দুই নেতা বাংলাদেশের জাতীয় নির্বাচন পরবর্তী রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, জাতীয় বাজেট পাস এবং বাংলাদেশ ও স্পেনের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া সংস্কার কার্যক্রম, জুলাই জাতীয় সনদ ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণে পারস্পরিক সহযোগিতার বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন। 

রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সংকট ও এর সম্ভাব্য সমাধান নিয়েও আলোচনায় গুরুত্ব দেওয়া হয়েছে।ডা. শফিকুর রহমান বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় স্পেনের সহযোগিতার প্রশংসা করেন এবং এই সম্পর্ককে আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে স্পেন সরকারের অবস্থানেরও প্রশংসা করেন। স্পেনের রাষ্ট্রদূত বাংলাদেশ ও স্পেনের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও বহুমাত্রিক হবে বলে দৃঢ় আশা প্রকাশ করেন।

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় মাননীয় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।