রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রাথমিক বিদ্যালয়ে নূরানী শিক্ষক নিয়োগের দাবি জামায়াত এমপির

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৮, ২০২৬, ০৮:২৯ পিএম

প্রাথমিক বিদ্যালয়ে নূরানী শিক্ষক নিয়োগের দাবি জামায়াত এমপির

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে অধ্যয়নরত মুসলিম শিক্ষার্থীদের বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে নূরানী অথবা তালিমুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগের দাবি জানানো হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে এই প্রস্তাব উত্থাপন করেন নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা অধ্যাপক মাছুম মোস্তফা।

সংসদ সদস্য মাছুম মোস্তফা বলেন, বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং অধিকাংশ অভিভাবক প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সন্তানদের বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শেখাতে আগ্রহী। কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে তাজবিদ ভিত্তিক কোরআন শিক্ষা প্রদানের পর্যাপ্ত সুযোগ বা দক্ষ শিক্ষকের অভাব রয়েছে। ফলে অনেক শিক্ষার্থী শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতে পারে না।

তিনি আরও বলেন, অনেক মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের পক্ষে সন্তানদের পৃথকভাবে মক্তব বা ব্যক্তিগত শিক্ষকের ব্যবস্থা করা কষ্টসাধ্য। এই প্রেক্ষাপটে নূরানী ও তালিমুল কোরআন পদ্ধতি অত্যন্ত কার্যকর ও পরীক্ষিত মাধ্যম হিসেবে স্বীকৃত। এসব পদ্ধতিতে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ করা হলে শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষার পাশাপাশি বিশুদ্ধ কোরআন তেলাওয়াত ও মৌলিক ধর্মীয় জ্ঞান লাভের সুযোগ পাবে।

অধ্যাপক মাছুম মোস্তফা আশা প্রকাশ করেন, বিদ্যালয়ে এই ধরনের শিক্ষক নিয়োগের মাধ্যমে শিক্ষার্থীরা ধর্মীয় ও নৈতিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে সক্ষম হবে।