বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

হাদি হত্যার বিচার করতে না পারলে পদত্যাগ করুন: ডা. শফিকুর রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১১, ২০২৬, ০৬:৫১ পিএম

হাদি হত্যার বিচার করতে না পারলে পদত্যাগ করুন: ডা. শফিকুর রহমান

হাদি হত্যার বিচার করতে না পারলে সরকারের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, যদি বর্তমান সরকার এই হত্যার বিচার করতে ব্যর্থ হয়, তবে পরবর্তী সরকার এসে এই বিচার নিশ্চিত করবে। শনিবার রংপুরে ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।বর্তমান সরকারের ভূমিকার সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ চাঁদাবাজি পছন্দ করে না। যারা চাঁদাবাজিতে লিপ্ত, তারা সাধারণ মানুষের কষ্টের কথা কখনোই অনুভব করতে পারবে না।

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকারের নিষ্ক্রিয়তার সমালোচনা করে বিরোধীদলীয় এই নেতা বলেন, নির্বাচনের আগে তিস্তা বাঁচাও আন্দোলন করা হলেও বাজেটে এর জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন, আগামীতে ১১ দলীয় ঐক্য যদি সরকার গঠন করার সুযোগ পায়, তবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এছাড়া সীমান্তে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সরকারের নীরবতার কঠোর সমালোচনা করে তিনি বিজিবি এবং সাধারণ মানুষের প্রতিরোধ প্রচেষ্টাকে অভিনন্দন জানান।

রংপুর বিভাগকে কৃষির রাজধানী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করে ডা. শফিকুর রহমান বলেন, বর্তমানে হিমাগারে প্রতি বস্তা আলুর জন্য ৬০০ টাকা গুনতে হচ্ছে, যা কৃষকদের ওপর সরাসরি জুলুম। তিনি হিমাগারে আলুর বস্তা রাখার খরচ কমানো এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার জোর দাবি জানান।

সমাবেশে তিনি দুর্নীতিবিরোধী অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, ১১ দলের সরকার গঠিত হলে দেশে কোনো চাঁদাবাজ বা দুর্নীতিবাজের স্থান হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারের উচ্চপদস্থ এমনকি প্রধানমন্ত্রী নিজেও যদি দুর্নীতির সাথে জড়িত থাকেন, তবে তাকেও বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে।সমাবেশে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট নিরসনে সরকারের দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।