জুলাই ১২, ২০২৬, ০৪:৪০ পিএম
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার প্রত্যন্ত ইউনিয়ন ছনুয়া ও শেখেরখীল অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। টানা ভারি বর্ষণ ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। এমন দুর্যোগপূর্ণ মুহূর্তে পানিবন্দি মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম জেলা পশ্চিম শাখা।
রোববার দিনব্যাপী দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের নেতাকর্মীরা।সকাল থেকে রাত পর্যন্ত ভ্যান ও নৌকাযোগে দুর্গত মানুষের দোরগোড়ায় খাদ্যসামগ্রী পৌঁছে দেন ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। তাঁরা এলাকার পানিবন্দি পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাঁদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।
শিবিরের জেলা নেতারা জানান, রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় এসব এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়ায় খাদ্য সংকটে ভুগছেন। এই মানবিক বিপর্যয়ে দলের পক্ষ থেকে সাধ্যমতো সহযোগিতা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামীতেও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা। ত্রাণ বিতরণকালে স্থানীয় দুর্গত মানুষ সংগঠনের এই উদ্যোগের প্রশংসা করেন এবং অন্যান্য সামাজিক ও রাজনৈতিক সংগঠনকেও এগিয়ে আসার আহ্বান জানান।
বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় ত্রাণ বিতরণে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি হলেও নৌকা ও বিকল্প উপায়ে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন তারা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ছাত্রশিবিরের স্থানীয় নেতারা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন