জুলাই ১৬, ২০২৬, ১০:৪৫ এএম
জুলাই অভ্যুত্থানে নিহত বেওয়ারিশ ও অজ্ঞাত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে গিয়ে তারা এই শ্রদ্ধা জানান এবং গণকবর জিয়ারত করেন।সকাল ৮টার দিকে সংগঠনের কেন্দ্রীয় নেতারা এই কর্মসূচি পালন করেন।
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম, সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শাখার প্রতিনিধিরা।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, জুলাই অভ্যুত্থানে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের ত্যাগ জাতি আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। এই মহান আত্মত্যাগের মাধ্যমেই অর্জিত হয়েছে নতুন বাংলাদেশ।শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দেশ ও জাতির কল্যাণ কামনায়ও প্রার্থনায় অংশ নেন নেতৃবৃন্দ।মাসব্যাপী কর্মসূচির আওতায় দেশজুড়ে নানা কার্যক্রম পালন করছে ছাত্রশিবির। এর মধ্যে রয়েছে শহীদদের পরিবারের সাথে যোগাযোগ, রক্তদান কর্মসূচি ও সচেতনতামূলক ক্যাম্পেইন। রায়েরবাজারের এই আয়োজন সেই কর্মসূচিরই একটি অংশ হিসেবে অনুষ্ঠিত হলো।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন