জুলাই ১৭, ২০২৬, ০৮:১৪ পিএম
জুলাই গণহত্যার বিচার, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কফিন মিছিল ও সংহতি সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি। শুক্রবার জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়।নেতারা বলেছেন, জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার না হলে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানো হবে না।
মিছিলটি হলপাড়া ও ভিসি চত্বর প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে সংহতি সমাবেশের মাধ্যমে শেষ হয়। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা জুলাই শহীদদের স্মরণে প্রতীকী কফিন বহন করেন এবং বিচার, গণতন্ত্র ও রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পুরো ক্যাম্পাসে এ সময় শোক ও প্রতিবাদের পরিবেশ সৃষ্টি হয়।
সমাবেশে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান, সিনিয়র সহ-সভাপতি হাসিব আল ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাঈম আবেদিনসহ কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদ, ছাত্রদল, ছাত্রশিবির ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা।
বক্তারা বলেন, জুলাই গণহত্যার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে দ্রুত ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে হবে। তাদের মতে, বিচারের দীর্ঘসূত্রতা শহীদ পরিবারের প্রত্যাশাকে ক্ষুণ্ন করবে। কেবল বিচার নিশ্চিত করাই যথেষ্ট নয়; গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয় সংস্কার এবং জবাবদিহিমূলক প্রশাসনিক কাঠামো গড়ে তোলা জরুরি। তারা এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান, যেখানে বৈষম্য বা রাজনৈতিক নিপীড়নের কোনো স্থান থাকবে না।
শহীদদের রক্তের ঋণ পরিশোধের উপায় হিসেবে তারা ন্যায়বিচার নিশ্চিত ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পূর্ণ বাস্তবায়নের ওপর জোর দেন। সমাবেশ শেষে জুলাই শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয় এবং বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ছাত্রশক্তির নেতাকর্মীরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন